শিরোনাম

অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে ডিএসসিসির যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে ডিএসসিসির যৌথ অভিযান
শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে ডিএসসিসির যৌথ অভিযান

রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(১) উপধারার টেবিল ৪(খ) অনুযায়ী দুইজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ব্যবসায় লিপ্ত হবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে দুটি গোডাউন থেকে মোট ১৪২ বস্তায় চার হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা। জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

​জনস্বার্থে ডিএসসিসি ও অন্যান্য সংস্থার এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এসবি/