শিরোনাম

বাদামতলীর দুই শতাধিক অবৈধ পার্কিং-দোকান উচ্ছেদ করলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাদামতলীর দুই শতাধিক অবৈধ পার্কিং-দোকান উচ্ছেদ করলো ডিএসসিসি
বাদামতলীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বাদামতলী, বাবুবাজার ও এর আশপাশের এলাকার ফুটপাতের অবৈধ পার্কিং ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় দুই শতাধিক অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বাদামতলী এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফুটপাতের অবৈধ চায়ের দোকান, ফলের দোকান ও পার্কিংয়ে উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানীরা অভিযান বন্ধের অনুরোধ জানালে দায়িত্বশীল কর্মকর্তারা তা উপেক্ষা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

বাবুবাজার ব্রীজে নিচের চায়ের দোকানী সোনিয়া আক্তার সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, আমরা গত ২৫ বছর ধরে এখানে দোকান করছি। এরকম কখনো হয় নাই। আমাদের মতো গরীবের উপর কেনো এমন অত্যাচার করা হচ্ছে। আমরা কোথায় যাবো। উচ্ছেদ করলে সব জায়গায় করতে হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায়ই এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কিন্তু কয়েকদিন পর আবারও আগের মতো ফুটপাত দখল হয়ে যায়। এভাবে মাঝে মধ্যে না করে এর স্থায়ী সমাধান জরুরি।

ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ) এহসানুল কামরান তানভীর সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় দক্ষিণ সিটি করপোরেশনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযানে সহায়তা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের অভিযানে ডিএমপি লালবাগ জোনের পক্ষে থেকে সর্বাত্মক সহযোগিতা চলমান রয়েছে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নির্দেশক্রমে আমাদের টিম সহযোগিতা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, আমরা সকাল ১০ টা থেকে বাদামতলী ও এর আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এসব এলাকার ফুটপাতে চায়ের দোকান, বালু বিক্রি জায়গা, পানির গোডাউন, ফলের দোকানসহ নানা ধরনের অবৈধ স্থাপনার তৈরি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপি লালবাগ জোনের এডিসির সহায়তায় যৌথ অভিযানের মাধ্যমে আমরা এগুলো উচ্ছেদ করেছি।

তিনি বলেন, বাবুবাজার ব্রীজের সিঁড়ির নীচে একটা অবৈধ পানির গোডাউন তৈরি করা হয়েছিলো। সংশ্লিষ্ট মালিককে মুচলেকা দিয়ে দ্রুত এখান থেকে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে। এসময় দুই শতাধিক অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

/এসবি/