মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

দাবি-দাওয়ার বিষয়ে পুলিশের আশ্বাসের পর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন অটোরিকশা চালকেরা। অবরোধ প্রত্যাহারের পর ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আমরা অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি। তারা মেইন রোডের কথা বলেছে, আমরা বলেছি যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।

এর আগে, রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে অটোরিকশা চালকরা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী জানান, ‘তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে’ – সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদেই এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

/এসবি/