শিরোনাম

‘ইন্টারনেটের গতির মতো চলবে ডিএসসিসি’

নিজস্ব প্রতিবেদক
‘ইন্টারনেটের গতির মতো চলবে ডিএসসিসি’
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ‘যেটা সামনে এগিয়ে যায়, সেটাকে কখনো পেছনে টেনে আনা যায় না। ইন্টারনেটের গতি যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ঢাকা সিটি কর্পোরেশনও আধুনিকতার গতির তাল মিলিয়ে চলবে।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, প্রযুক্তির এই অগ্রযাত্রায় ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তাই আধুনিক নগর ব্যবস্থাপনায় সমন্বিত অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শুধু ইন্টারনেট নয়, টেলিফোন ও কেবল টিভি নেটওয়ার্ককেও সমন্বিতভাবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিএসসিসির ভূমিকা প্রসঙ্গে প্রশাসক বলেন, নগর উন্নয়নে সিটি কর্পোরেশন সমন্বয়কের ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এছাড়া ধানমন্ডিকে একটি ঐতিহ্যবাহী আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে এর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ধানমন্ডি লেককে বাণিজ্যিক ব্যবহার থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী, আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়াসহ অনেকে।

/টিই/