শিরোনাম

ঢাকা কলেজের যাত্রাবাড়ী রুটে যুক্ত হলো নতুন বাস

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজের যাত্রাবাড়ী রুটে যুক্ত হলো নতুন বাস
ঢাকা কলেজের অর্থায়নে নির্মিত নতুন বাস। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন বহরে নতুন একটি বাস যুক্ত হয়েছে। প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে কলেজের অর্থায়নে নির্মিত বাসটি যাত্রাবাড়ী রুটে নিয়মিত চলাচল করবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাসটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে, নতুন বাসটি চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইফতেখার বলেন, ‘নতুন এই বাসের শুভ সূচনা দেখে আমরা সত্যিই অনেক আনন্দিত। এর আগে পুরনো ‘পুষ্পক’ বাসে যাতায়াত করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তি ও সমস্যার মুখোমুখি হতে হতো। বিশেষ করে বসার আসন নিয়ে বেশ সমস্যা ছিল। আশা করি, নতুন এই বাসের মাধ্যমে আমাদের পূর্বের সমস্যাগুলোর অনেকটাই স্থায়ী সমাধান হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু যাত্রাবাড়ী রুটে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, তাই একটি বাসের ওপর অনেক চাপ পড়ে। বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার দিনগুলোতে অনার্স ও ইন্টারের ক্লাস একসঙ্গে ছুটি হলে বাসে অতিরিক্ত ভিড় হয়। তখন অনেকেই জায়গা পায় না এবং অনেকে বাস মিস করে। তাই এই রুটে বাসের সংখ্যা বাড়ানো সম্ভব হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।’

কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাফসান বলেন, ‘ঢাকা কলেজের পরিবহন বহরে নতুন বাস যুক্ত হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তবে শিক্ষার্থী সংখ্যার তুলনায় বর্তমানে বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশ নগণ্য। দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াত সহজ করতে আরও একাধিক নতুন বাস যুক্ত করা জরুরি।’

তিনি বলেন, ‘আমরা চাই নতুন বাস যুক্ত হওয়ার এই ইতিবাচক ধারাটি বজায় থাকুক। এতে আমাদের যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল হবে এবং সাধারণ শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘নতুন বাসটি যাত্রাবাড়ী রুটে চলাচল করবে। ওই রুটে শিক্ষার্থীদের চাপ বেশি থাকায় বাসটি সেখানে দেওয়া হয়েছে। বাসটি কলেজের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যাত্রাবাড়ী রুটে শিক্ষার্থী বেশি হলেও একই রুটে দুটি গাড়ি দেওয়া সম্ভব নয়। আমাদের বাসের ঘাটতি রয়েছে। নতুন আরও বাস প্রয়োজন। এ জন্য আমরা কাজ করছি।’

/এফআর/