শিরোনাম

নেচার ইনডেক্স র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাবি

সিটিজেন ডেস্ক
নেচার ইনডেক্স র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সিটিজেন গ্রাফিক্স

গবেষণা প্রকাশনার ভিত্তিতে নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

অন্যদিকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

আন্তর্জাতিক গবেষণা সূচক নেচার ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের গবেষণা প্রকাশনার তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

তালিকায় প্রথম স্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্ট স্কোর ১৪ এবং শেয়ার স্কোর ১.০৬। দ্বিতীয় স্থানে থাকা বুয়েটের কাউন্ট স্কোর ৭ এবং শেয়ার স্কোর ০.৯৬।

তালিকায় তৃতীয় স্থানে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে থাকা আইইউবি’র কাউন্ট স্কোর চার এবং শেয়ার স্কোর ০.৬৩।

তালিকায় চতুর্থ স্থানে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির কাউন্ট স্কোর ৯ এবং শেয়ার স্কোর ০.৫৯।

তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।

২০১৪ সালে যাত্রা শুরু করা নেচার ইনডেক্সকে উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক সূচক হিসেবে বিবেচনা করা হয়। নেচার, সায়েন্স, নেচার ফিজিক্স, দ্য ল্যানসেট, সেল, জার্নাল অব হাই এনার্জি ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রফিজিক্সের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রবন্ধ এই সূচকে বিবেচনায় নেওয়া হয়।

সূত্র: নেচার ইনডেক্স

/জেএইচ/