শিরোনাম

জুলাই শহীদদের স্মরণে তিতুমীর কলেজে প্রতীকী ম্যারাথন

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
জুলাই শহীদদের স্মরণে তিতুমীর কলেজে প্রতীকী ম্যারাথন
জুলাই শহীদদের স্মরণে তিতুমীর কলেজে প্রতীকী ম্যারাথন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জুলাই শহীদদের আত্মত্যাগ ও অবদানকে স্মরণ করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘রান ফর ভিক্টরি ২.০’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোর ৬টায় কলেজের প্রধান ফটক থেকে এই প্রতীকী ম্যারাথনের সূচনা হয়।

নির্ধারিত রুট অনুযায়ী, ম্যারাথনে অংশগ্রহণকারীরা কলেজ গেট থেকে গুলশান-১ পর্যন্ত দৌড়ে গিয়ে পুনরায় কলেজ গেটে ফিরে আসেন।

প্রতীকী ম্যারাথন শেষে তিতুমীর কলেজ শাখা শিবিরের সেক্রেটারি সোহেল রানা বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে এটি আমাদের দ্বিতীয় বিজয়ের আয়োজন। আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি অংশগ্রহণকারী এতে যুক্ত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা গেলেও তিতুমীর ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতেও এই সহাবস্থান ও সম্প্রীতি অটুট থাকবে বলে আমরা আশা করি।’

কলেজ শাখা শিবিরের সভাপতি খাদেমুল ইসলাম বলেন, ‘তিতুমীর কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আমরা এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছি। জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের মাঝে উজ্জীবিত রাখাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই দিনটিকে আমরা এমন একটি ঐতিহাসিক দিন হিসেবে স্মরণ করি, যেদিন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেই প্রেক্ষাপট ও স্মৃতিকে ধারণ করেই আজকের এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।’

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও ঐতিহাসিক ঘটনাবলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সচেতনতামূলক ও ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে।

/এফআর/