প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
(ইনসেটে) আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’র পলায়নের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

তিনি জানান, আসামি রাজার পলায়নের পরে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গাড়ির ড্রাইভারসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য গতকাল রবিবার সকালে আসামি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সম্পন্নের জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। এ সময় আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় রাজা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, কারাগারে ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা জানায় ওই আসামি। পরে তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। এ সময় সেখান থেকে সে পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে কারা কর্তৃপক্ষ জানতে পারে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টির মতো মামলা রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

/এফআর/