শিরোনাম

ডিসি হতে ৮ কোটির চুক্তি, প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
ডিসি হতে ৮ কোটির চুক্তি, প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়
এস এম সরওয়ার কামাল

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য ৮ কোটি টাকার চুক্তি করার অভিযোগ উঠেছে উপসচিব এস এম সরওয়ার কামালের বিরুদ্ধে। এ ঘটনায় তার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের সূত্র জানায়, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে অভিযোগ, কুমিল্লার ডিসি পদে বসার জন্য তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের সঙ্গে ৮ কোটি টাকার বিনিময়ে একটি অঙ্গীকারনামা ও চুক্তিপত্রে সই করেছেন। এ সংক্রান্ত তথ্য ও নথি বিভিন্ন সূত্র থেকে মন্ত্রণালয়ের হাতে এসেছে।

গত ১৩ মে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, অভিযোগের বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে সরওয়ার কামালকে। একইসঙ্গে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি। পরে বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর এ পর্যন্ত মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসার জন্য বিপুল পরিমাণ অর্থ লগ্নি করার ঘটনা উঠে আসে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়গুলোতে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়।

/এসএ/