শিরোনাম

পেটেন্ট মামলায় স্বস্তি পেলো অ্যাপল

সিটিজেন ডেস্ক
পেটেন্ট মামলায় স্বস্তি পেলো অ্যাপল
ছবি: সংগৃহীত

পেটেন্ট বিরোধে বড় স্বস্তি পেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপল ওয়াচের নতুন ডিজাইন নিষিদ্ধের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা।

ফলে রক্তে অক্সিজেন মাত্রা মাপার প্রযুক্তির পরিবর্তিত সংস্করণসহ অ্যাপল ওয়াচ বিক্রিতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

অভিযোগটি খারিজ করেছে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (আইটিসি)। সংস্থাটি জানিয়েছে, অ্যাপল ওয়াচের ওপর পুনরায় আমদানি নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে নয় তারা।

মার্চে দেওয়া এক প্রাথমিক রায়ও বহাল রেখেছে আইটিসি। সেখানে বলা হয়েছিল, অ্যাপলের নতুন ডিজাইনের স্মার্টওয়াচগুলো মাসিমো নামের মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের কোনো পেটেন্ট লঙ্ঘন করেনি।

অ্যাপলের আলট্রা ২ ব্ল্যাক ডিএলসি টাইটানিয়াম স্মার্টওয়াচ। ছবি: সংগৃহীত
অ্যাপলের আলট্রা ২ ব্ল্যাক ডিএলসি টাইটানিয়াম স্মার্টওয়াচ। ছবি: সংগৃহীত

অ্যাপল ও মাসিমোর মধ্যে এই আইনি লড়াই দীর্ঘদিনের। রায় পাওয়ার পর আইটিসিকে ধন্যবাদ জানিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, মাসিমো অ্যাপলের বিরুদ্ধে ধারাবাহিক আইনি লড়াই চালালেও তাদের অধিকাংশ দাবি খারিজ হয়েছে।

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মাসিমো।

এই পেটেন্ট বিরোধের শুরু ২০২১ সালে। ওই সময় প্রথমবারের মতো অ্যাপল ওয়াচ আমদানির ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করে মাসিমো। পরে আইটিসি প্রাথমিকভাবে অ্যাপলের বিরুদ্ধে রায় দিলে কিছু মডেলের রক্তে অক্সিজেন মাপার প্রযুক্তি নতুন করে ডিজাইন করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

তবে সংশোধিত প্রযুক্তিতেও সন্তুষ্ট ছিল না মাসিমো। তারা আবারও আপডেট করা মডেলগুলোর ওপর আমদানি নিষেধাজ্ঞা চেয়েছিল।

সর্বশেষ সিদ্ধান্তে সেই দাবি নাকচ হওয়ায় এখন মাসিমোর সামনে একমাত্র পথ হলো ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ফেডারেল সার্কিটে আপিল করা।

যদিও এই মামলায় বর্তমানে পিছিয়ে রয়েছে মাসিমো, তবু অন্য একটি পৃথক পেটেন্ট মামলায় গত নভেম্বরে এক ফেডারেল জুরি তাদের পক্ষ নিয়ে রায় দেয়। সেখানে অ্যাপলকে ৬৩ কোটি ৪০ লাখ ডলার জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

/এসএ/