শিরোনাম

চিকিৎসায় নতুন যুগ, অস্ত্রোপচার করলো দুই রোবট

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চিকিৎসায় নতুন যুগ, অস্ত্রোপচার করলো দুই রোবট
অস্ত্রোপচার করলো দুই রোবট

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। ইতিহাসে প্রথমবারের মতো এক জোড়া রোবটের মাধ্যমে জীবিত প্রাণীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর প্রকৌশলী ও সার্জনদের যৌথ গবেষণায় দুটি রোবট জীবিত একটি শূকরের পিত্তথলি সফলভাবে অপসারণ করেছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার’-এ।

এর আগে চিকিৎসাক্ষেত্রে দা ভিঞ্চির মতো রোবোটিক সার্জিক্যাল সিস্টেম ব্যবহার হলেও মানবদেহের আদলে তৈরি দুই পা-ওয়ালা হিউম্যানয়েড রোবট দিয়ে অস্ত্রোপচার এই প্রথম। গবেষণায় ব্যবহৃত ‘সার্জি’ নামের রোবটগুলো চীনের ইউনিট্রি জি১ মডেলের ভিত্তিতে তৈরি। প্রায় পাঁচ ফুট উচ্চতা ও ২৭ কেজি ওজনের এসব রোবটকে সার্জনরা বিশেষ কনসোলের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করেন।

গবেষণার প্রথম ধাপে একজন মানব সার্জনের সহযোগিতায় একটি রোবট অস্ত্রোপচার সম্পন্ন করে। দ্বিতীয় ধাপে দুটি হিউম্যানয়েড রোবট একসঙ্গে কাজ করে পুরো অপারেশন পরিচালনা করে। অস্ত্রোপচারের সময় সামান্য রক্তক্ষরণ হলেও সার্জনদের নির্দেশনায় রোবটগুলো দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সফলভাবে পিত্তথলি অপসারণ করে।

গবেষকদের মতে, বর্তমানে ব্যবহৃত প্রচলিত সার্জিক্যাল রোবটগুলো প্রায় ৮০০ কেজি ওজনের এবং পরিচালনায় বড় জায়গা ও বিপুল ব্যয় প্রয়োজন হয়। তুলনায় নতুন হিউম্যানয়েড রোবটগুলো অনেক হালকা, কম খরচে পরিচালনাযোগ্য এবং সাধারণ পরিবেশেও কাজ করতে সক্ষম। বিদ্যমান অস্ত্রোপচারের যন্ত্রপাতিতেই সামান্য পরিবর্তন এনে এগুলো ব্যবহার করা সম্ভব।

গবেষণা দলের সদস্য সার্জারি বিশেষজ্ঞ ড. শ্যাংলেই লিউ বলেন, সহজে বহনযোগ্যতা ও কম খরচ এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে প্রত্যন্ত গ্রাম, যুদ্ধক্ষেত্র, দুর্যোগপূর্ণ এলাকা এমনকি মহাকাশেও বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে দূর থেকে এসব রোবট দিয়ে অস্ত্রোপচার পরিচালনা করা যেতে পারে।

গবেষক রায়ান ব্রোডেরিক বলেন, যেখানে চিকিৎসাকর্মী ও আধুনিক সরঞ্জামের ঘাটতি রয়েছে, সেখানে একজন সার্জন দূর থেকেই সীমিত সহায়তায় জটিল অস্ত্রোপচার পরিচালনা করতে পারবেন। এতে উন্নত চিকিৎসাসেবা আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, মানুষের শরীরে এই প্রযুক্তি ব্যবহারের আগে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। পরীক্ষায় দূরনিয়ন্ত্রণ সংকেতের সামান্য বিলম্ব এবং মাঝেমধ্যে রোবট পুনঃসমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা গেছে। তবুও তাদের বিশ্বাস, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির অগ্রগতির ফলে অদূর ভবিষ্যতেই হিউম্যানয়েড সার্জন রোবট বাস্তব চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

/এসবি/