শিরোনাম

আবারও মাঠের বাইরে নেইমার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আবারও মাঠের বাইরে নেইমার
নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার বিশ্বকাপ দলে থাকবেন কিনা সেটি এখনো অজানা। বিশ্বকাপ দলে থাকতে হলে ব্রাজিলিয়ান এই তারকার থাকতে হবে ফিট, করতে হবে পারফরম্যান্স। কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়গুলো আগেই স্পষ্ট করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকালে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোল না পেলেও করিয়েছেন, খেলেছেন দারুণ। তবু পরের ম্যাচেই বসে থাকতে হবে নেইমারকে।

নেইমার এবার অবশ্য ইনজুরির করণে নয়, মাঠের বাইরে থাকবেন হলুদ কার্ডের কারণে। ভিলা বেলমিরোয় শুক্রবার (৩ এপ্রিল) নেইমারের অতৃপ্তি বলতে এ হলুদ কার্ডের নিষেধাজ্ঞাই।

ব্রাজিলিয়ান সিরি আ-তে রেমোকে ২-০ গোলে হারায় সান্তোস। ৪০ মিনিটে সান্তোস মিডফিল্ডার থাসিয়ানোর গোলের উৎস ছিলেন নেইমার। ডান প্রান্ত থেকে দারুণ লবে বল বাতাসে ভাসিয়ে রেমোর বক্সে ফেলেন। সেখান থেকে গোল করেন থাসিয়ানো। ৮২ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডিফেন্সচেরা পাস দেন নেইমার। গঞ্জালো এসকোবার সেই পাসটি ধরে ময়জেসকে দেওয়ার পর গোল করেন তিনি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের হয়ে আর ১৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। আজ পুরো সময়ই মাঠে ছিলেন নেইমার। যা তার জন্য কোচ আনচেলত্তির বেঁধে দেওয়া পূর্ণ ফিটনেসে ফেরার শর্ত পূরণ করে।

রেমোর ডিয়েগো হার্নান্দেজ পেছন থেকে কড়া ফাউল করেন নেইমারকে। রেগে তেড়েফুঁড়ে হার্নান্দেজের প্রতি ছুটে গিয়েছিলেন। এ সময় দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কিও হয়। রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও হলুদ কার্ড দেখান নেইমারকে। চলতি লিগে এ নিয়ে তৃতীয় হলুদ কার্ড দেখায় এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

পরে নেইমার হলুদ কার্ড নিয়ে বলেন, ‘এটা অন্যায়। কারণ, আমাকে পেছন থেকে ফাউল করা হয়েছে। কোনো দরকার ছিল না। আর ওটাই প্রথম ফাউল নয়, তৃতীয় কিংবা চতুর্থ ফাউল। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি।’

মারাকানায় আগামী রবিবার ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে সান্তোস।

/টিই/