শিরোনাম

সিডনিতে অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিডনিতে অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে রচিত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচ ভেন্যুতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় (অস্ট্রেলিয়ান সময়) সিডনি পৌঁছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছানোর মাত্র ৭ ঘণ্টা পরই কোচ পিটার বাটলার দলবল নিয়ে নেমে পড়েন অনুশীলনে। সিডনির সকালের রোদে নিজেদের ঝালিয়ে নিতে সকাল ৮টায় মাঠে নেমে পড়েন আফঈদা-ঋতুপর্ণারা। সকালে মাঠের অনুশীলনের পর বিকেলের সেশনে জিম করে সময় কাটিয়েছেন তারা।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় গোলকিপার কোচ মাসুদ আহমেদ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন। বলেন, ‘দীর্ঘ ভ্রমণের ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই। সবাই পুরো ফিট আছে। আমরা এখন মূলত এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কাজ করছি। প্রথম দিনের ট্রেনিং সেশনটা বেশ ফলপ্রসূ হয়েছে।’

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গোলকিপার কোচ আরও যোগ করেন, ‘একটি পরিপূর্ণ পেশাদার ফুটবল দলের জন্য যা যা সুযোগ-সুবিধা দরকার, তার সবই এখানে রয়েছে।’

এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরখ করে নিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে স্থানীয় এক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

/টিই/