শিরোনাম

রোনালদোর জোড়া গোলে নাসরের জয়

স্পোর্টস ডেস্ক
রোনালদোর জোড়া গোলে নাসরের জয়
পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এক মাস পর মাঠে ফিরেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাজমাকে ৫-২ গোলে হারিয়েছে আল নাসর । এই ম্যাচে একাই দুটি গোল করেছেন রোনালদো।

শুক্রবার (৩ এপ্রিল) আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল গোলের উত্তেজনা।

প্রথমে রাকান আল তুলাহির গোলে এগিয়ে যায় আল নাজমা। তবে সেই লিড এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। দ্রুতই ম্যাচে ফেরে আল নাসর। বিরতির আগে আবদুল্লাহ আল হামদান ও সাদিও মানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ম্যাচে সমতা আনে আল নাজমা। ৪৮ মিনিটে ফিলিপে কার্দোসোর গোলে ২-২ সমতায় ফেরে তারা। তবে এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন রোনালদো।

৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে আবারও এগিয়ে দেন রোনালদো। এরপর ৭৩ মিনিটে বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এই জোড়া গোলেই সৌদি প্রো লিগে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখেন পর্তুগিজ সুপারস্টার।। একই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-এ। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ৩৩টি গোল।

রোনালদোর মতোই ম্যাচে জোড়া গোল করেন আল নাসরের সেনেগালিজ তারকা সাদিও মানে। শেষদিকে তার দ্বিতীয় গোলেই বড় ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।

/এসবি/