শিরোনাম

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ৮ কার্ড দেখানো সেই রেফারি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ৮ কার্ড দেখানো সেই রেফারি
স্পেন-উরুগুয়ে ম্যাচে কানোবিওকে লাল কার্ড দেখাচ্ছেন ইসমাইল এলফাত

শেষ ষোলোর লড়াইয়ে রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার হাই-ভোল্টেজ ম্যাচে তাদের মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলপ্রেমীদের বাড়তি নজর কেড়েছে ম্যাচটির রেফারি প্যানেল, যেখানে দেখা যাবে মার্কিন রেফারিদের একচ্ছত্র আধিপত্য।

ফিফার ঘোষণা অনুযায়ী, এ হাই-প্রোফাইল ম্যাচটি পরিচালনার মূল দায়িত্বে থাকবেন বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। মাঠের প্রধান রেফারিকে সহায়তার জন্য লাইন্সম্যান হিসেবেও থাকছেন তার দুই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চলতি বিশ্বকাপে এর আগে নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেনের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বেশ কড়া হাতে পরিচালনা করেছেন এলফাত। দুই ম্যাচ মিলিয়ে ১টি লাল ও ৭টি হলুদ কার্ড দেখানো এ কঠোর মেজাজের মার্কিন রেফারি সেলেসাও ও নরওয়েজিয়ানদের দ্বৈরথে কেমন ভূমিকা রাখেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য এই রেফারির ইতিহাস অবশ্য খুব একটা সুখকর নয়। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই ইসমাইল এলফাতের পরিচালনায় ক্যামেরুনের কাছে গ্রুপ পর্বে ১-০ গোলে হেরেছিল লাতিন আমেরিকার পরাশক্তিরা। ফলে এই ম্যাচে তার সিদ্ধান্তগুলো কেমন হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। নিউ জার্সির মহাযুদ্ধে যে দলই জয়ী হোক না কেন, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১১ জুলাই রাতে মায়ামিতে তাদের মুখোমুখি হতে হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।

/এমএকে/