শিরোনাম

রোমাঞ্চের পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠলো কারা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রোমাঞ্চের পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠলো কারা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০২৫-২৬ মৌসুমে লিগ পর্ব থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ৮ দল। এরপর সবার চোখ ছিল শেষ ষোলোতে যাওয়ার প্লে–অফ লড়াইয়ে। নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে সেই প্লে–অফ থেকে নিশ্চিত হলো আরও ৮ দল।

প্লে–অফে সবচেয়ে বড় চমকের নাম ছিল বোদো/গ্লিমট। গতবারের রানার্সআপ ইন্তার মিলানকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। একইভাবে চমক দেখিয়েছে আতালান্তা। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২–০ গোলে হারা দলটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফিরতি লেগে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করে শেষ ষোলো। ফিরতি লেগে আতালান্তা জিতেছে ৪–১ গোলে।

জুভেন্তাসকে দুই লেগ মিলিয়ে ৭–৫ গোলে হারিয়ে বিদায় করেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। প্রথম লেগে গালাতাসারাই নিজেদের মাঠে জিতেছিল ৫–২ গোলে। ফিরতি লেগে নির্ধারিত সময়ে ৩–০ গোলে এগিয়ে থেকে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ইতালির ক্লাব জুভেন্তাস।

অতিরিক্ত সময়ে দুই গোল করে ম্যাচে ফিরে আসে গালাতাসারাই। শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরেও শেষ ষোলোর টিকিট পেলো তুরস্কের ক্লাবটি।

এই চমকগুলো ছাড়া রিয়াল মাদ্রিদ, পিএসজি, আতলেতিকো মাদ্রিদ এবং পিএসজির মতো দল সহজেই পেরিয়েছে প্লে–অফের বাধা।

দেখে নেওয়া যাক শেষ ষোলোতে থাকা দলগুলো। লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠা ৮ দল: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি। প্লে-অফ পর্ব থেকে শেষ ষোলোয় ওঠা ৮ দল: আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, নিউক্যাসল, গালাতাসারাই, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের হাউস অব ইউরোপিয়ান ফুটবল ভবনে শুরু হবে ড্র অনুষ্ঠান।

শেষ ষোলো রাউন্ডে নিয়ম আগের মৌসুমগুলোর মতোই থাকছে। দুই লেগ মিলিয়ে যে দল এগিয়ে থাকবে (অ্যাগ্রিগেট স্কোরে), তারাই উঠবে পরের পর্বে। দুই লেগ শেষে সমতা থাকলে হবে অতিরিক্ত সময়ের খেলা। তাতেও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে।

চ্যাম্পিয়নস লিগে পরের সূচি

শেষ ষোলো: ১০/১১ ও ১৭/১৮ মার্চ, ২০২৬

কোয়ার্টার ফাইনাল: ৭/৮ ও ১৪/১৫ এপ্রিল, ২০২৬

সেমিফাইনাল: ২৮/২৯ এপ্রিল ও ৫/৬ মে, ২০২৬

ফাইনাল: ৩০ মে, ২০২৬ (বুদাপেস্ট)

/টিই/