শিরোনাম

২০৩০ বিশ্বকাপেও নেইমারকে দেখতে চান ব্রাজিলের সাবেক কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
২০৩০ বিশ্বকাপেও নেইমারকে দেখতে চান ব্রাজিলের সাবেক কোচ
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে সেলেসাওদের এই বিদায় ও নেইমারকে কম সময় খেলানোর কৌশল নিয়ে কোচ কার্লো আনচেলত্তির কড়া সমালোচনা করেছেন ব্রাজিলকে অলিম্পিক সোনা জেতানো কোচ রোজারিও মিকালে। তিনি চান, অবসরের সিদ্ধান্ত বদলে ২০৩০ সালের বিশ্বকাপে আবারও হলুদ জার্সিতে ফিরুক নেইমার।

চোটের শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে দলে জায়গা পেলেও নকআউট পর্বে স্কটল্যান্ড ও নরওয়ের বিপক্ষে কেবল বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান নেইমার। অতিরিক্ত সময়সহ দুই ম্যাচে মাত্র ৫৮ মিনিট খেলে বিদায়ের দিনে পেনাল্টি থেকে একটি গোল করলেও দলের হার এড়াতে পারেননি তিনি। মেটলাইফ স্টেডিয়ামে কান্নাভেজা চোখে বিদায় নেওয়া নেইমার জানান, এখানেই তার জাতীয় দলের যাত্রার ইতি ঘটল। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে এখন তিনি ক্লাব ফুটবল ও ফিটনেসের দিকেই মনোযোগ দেবেন।

এদিকে আমেরিকা-এমজি ও লন্ড্রিনার ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিকালে তার বিস্ময় প্রকাশ করে বলেন, চোট থাকা সত্ত্বেও এমন একজন মহাতারকাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা প্রশ্নবিদ্ধ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা মোহাম্মদ সালাহর মতো নেইমারকে নিয়েও আনচেলত্তির বিশেষ পরিকল্পনা থাকা উচিত ছিল বলে মনে করেন তিনি। মিশরে কাজ করার অভিজ্ঞতা টেনে মিকালে বলেন, সালাহর সেরাটা পেতে যেমন পুরো দল একটি প্রক্রিয়া অনুসরণ করে, নেইমারের ক্ষেত্রেও তেমন করা উচিত ছিল।

মিকালের মতে, নেইমার শতভাগ ফিট না থাকলেও মাঠে তার উপস্থিতিই দলের ওপর বড় ইতিবাচক প্রভাব ফেলে। নেইমারকে ব্রাজিলের সেরা ফুটবলার আখ্যা দিয়ে তিনি বলেন, নেইমারের খেলা দেখতে তিনি টিকিট কেটেও মাঠে যেতে রাজি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নতুন দল গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখে মিকালের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

/এমএকে/