শিরোনাম

‘আমি বলেছিলাম বদলি নেমে ম্যাচটা জিতিয়ে দেব’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘আমি বলেছিলাম বদলি নেমে ম্যাচটা জিতিয়ে দেব’
লাউতারো মার্তিনেজ

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনা শিবিরে ছিল উচ্ছ্বাস আর আবেগের মিশেল। তবে যারা সবচেয়ে বেশি আবেগে ভেসেছেন, তাদের একজন জয়সূচক গোলের নায়ক লাউতারো মার্তিনেজ। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অশ্রুভেজা কণ্ঠে এই স্ট্রাইকার জানান, এমন গোলের স্বপ্ন তিনি অনেক আগে থেকে দেখে আসছিলেন।

লাউতারো মার্তিনেজ বলেন, ‘সত্যি বলতে কী বলব, জানি না...অনুভূতিটা এতো গভীর! বাবা যখন প্রথম আমার জন্য এক জোড়া ফুটবল বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম।’

এরপর মায়ের কথা বলতে গিয়ে কান্নাজড়ানো কণ্ঠে এই স্ট্রাইকার বলেন, ‘এই মুহূর্তটা আমার মায়ের জন্য। আমি যেদিন রেসিং ক্লাবে যোগ দিতে বাড়ি ছেড়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি কখনো আমার বিছানা গোছানো বন্ধ করেননি। আমার কাছে সেটার মূল্য একটি গোল বা একটি ফাইনালের চেয়েও অনেক বেশি।’

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি এবং গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করা মার্তিনেজ যোগ করেন, ‘আমার দুই সন্তান আমার জীবনটাই বদলে দিয়েছে। ওরা আসার পর আমি অনেক শান্ত হয়েছি। এখন আমি এসব মুহূর্ত উপভোগ করি। আজ আমি একজন পরিণত মানুষ, জীবনকে উপভোগ করতে শিখেছি।’

২০২২ বিশ্বকাপে শিরোপা জিতলেও একটি গোলও করতে পারেননি লাউতারো। তাই শিরোপা জয়ের পরও আক্ষেপ রয়ে গিয়েছিল। এবার নিজেকে প্রমাণ করলেন।

মার্তিনেজ বলেন, ‘আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম। শপথ করে বলছি, আমি অ্যালেক্সিসকে (ম্যাক আলিস্টার) বলেছিলাম আমি গোল করবো। ফাকুকেও (মেদিনা) বলেছিলাম, আমি বদলি হিসেবে নেমে ম্যাচটা জিতিয়ে দেব।’

নিউ জার্সিতে আগামী রবিবার রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

/টিই/