শিরোনাম

আনচেলত্তির ওপরই আস্থা রাখছে ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আনচেলত্তির ওপরই আস্থা রাখছে ব্রাজিল
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গেলেও প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপরই ভরসা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, আগামী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে এ অভিজ্ঞ ইতালিয়ানকে।

চলতি বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর কায়েতানো জানান, দলের অন্তত কিছুটা স্থিতিশীলতা প্রয়োজন এবং একটি স্বাভাবিক চক্রের মধ্য দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। তাই আরও শান্ত পরিবেশে ও প্রয়োজনীয় সমন্বয় করে আনচেলত্তিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখা হচ্ছে। এই বিদায়ে চরম হতাশা প্রকাশ করলেও ইতালিয়ান কোচের কাজের ভূয়সী প্রশংসা করেছেন সিবিএফের এ কর্মকর্তা।

তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সবাই এই হারে ভীষণ মর্মাহত। তবে গত ৩৮ দিন ধরে দলের খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও শতভাগ নিবেদনকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। কায়েতানোর মতে, টুর্নামেন্ট যত গড়িয়েছে, ব্রাজিলের খেলার ধার তত বেড়েছে। আর এ কারণেই এমন সময়ে বিদায় নেওয়াটা অনেক বেশি কষ্টের ও যন্ত্রণাদায়ক। তিনি আরও বলেন, তাদের বিশ্বাস ছিল দল আরও অনেক দূর যাবে এবং ফাইনালে খেলার লক্ষ্য পূরণ করতে পারবে।

উল্লেখ্য, ২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন আনচেলত্তি। তার অধীনেই বিশ্বকাপ বাছাইপর্ব পার করে মূল পর্বে অংশ নেয় সেলেসাওরা। প্রথম আসরেই শিরোপার স্বপ্ন ভেঙে চুরমার হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে পিছপা হচ্ছে না সিবিএফ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন আনচেলত্তির নেতৃত্বেই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল গঠনের মিশন শুরু করবে।

/এমএকে/