শিরোনাম

নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যে বার্তা দিলেন আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে যে বার্তা দিলেন আনচেলত্তি
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও কোচ কার্লো আনচেলত্তি (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে নেইমারকে নিয়ে সব ধোঁয়াশা দূর করলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, সেলেসাওদের এ পোস্টার বয় মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকলেও ম্যাচের শুরুতেই তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম।

ডান পায়ের পেশির চোট কাটিয়ে আসা নেইমারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ দলটির থিংক ট্যাংক। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। যেখানে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট খেলেছিলেন তিনি। আনচেলত্তি বলেন, প্রতিটি ম্যাচ খেলতে না পারায় নেইমার কিছুটা অসন্তুষ্ট হলেও পুরো বিষয়টিকে দারুণ পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছেন। অনুশীলনে কঠোর পরিশ্রমের মাধ্যমে সতীর্থদের মাঝে নিজের সম্মান ধরে রেখেছেন এবং মাঠে ও মাঠের বাইরে দলের জন্য তার উপস্থিতি এক বিশাল অনুপ্রেরণা। ম্যাচ কতক্ষণ গড়াবে এবং পরিস্থিতি কেমন দাঁড়াবে, তার ওপর ভিত্তি করেই নেইমারকে ব্যবহার করা হবে বলে জানান ব্রাজিল কোচ।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত ইতিহাস অবশ্য একেবারেই পক্ষে নেই। এর আগের চারবারের দেখায় একবারও জয়ের মুখ দেখেনি লাতিন আমেরিকার পরাশক্তিরা। চার ম্যাচের মধ্যে দুটিতে ড্র এবং বাকি দুটিতে জিতেছে নরওয়ে। শুধু তাই নয়, ২০০২ সালে শেষবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জিততে পারেনি সেলেসাওরা। তবে অতীতের এ নেতিবাচক পরিসংখ্যান নিয়ে মোটেও চিন্তিত নন আনচেলত্তি। নরওয়েকে অত্যন্ত গোছানো ও কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেছেন তিনি। তবে সব ধরনের পরিস্থিতি জয় করে মাঠ ছাড়ার ব্যাপারে নিজের দলের ওপর শতভাগ আস্থা রয়েছে তার।

/এমএকে/