সরাসরি

মেসির বিদায়ী ম্যাচ: প্রথমার্ধ গোলশূন্য

০৬: ১৯

আক্রমণ-পাল্টা আক্রমণে জমেছে খেলা

ম্যাচের ৪০ মিনিট শেষ। বেনিন মাঠে এখন পর্যন্ত ভালোই খেলেছে। দুই-একটি ভালো আক্রমণও করেছে আফ্রিকার দেশটি। দুটি শট রুখে দিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মেসির আর্জেন্টিনাও আছে প্রথম গোলের খোঁজে।

০৬: ১৩

পরিবারের সবাই আছেন, শুধু...

মেসির বিদায়বেলায় স্টেডিয়ামের বক্সে হাজির পুরো পরিবার। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জে, তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো, মা সেলিয়া ও ভাই-বোনেরা মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোল), সঙ্গে ভাগ্নে-ভাতিজারাও। তবে নেই শুধু মেসির বাবা। দু মাস আগে প্রয়াত হয়েছেন হোর্হে মেসি।

০৬: ০৭

গোলের জন্য মরিয়া মেসি

ম্যাচের ৩১ মিনিটে লাউতারো মার্তেনেজের পাস থেকে শট নেন মেসি। তবে শট নেওয়ার সময় খানিকটা ব্যালেন্স হারান তিনি। মেসির শটটি পোস্টের বাইরে দিয়ে যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসি চাইছেন গোল করতে। সতীর্থরাও চাইছেন মেসি গোল করুক।

০৬: ০০

মেসির ফ্রিকিক

মেসির ফ্রিকিক
শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে মেসি

ম্যাচের ২৬ মিনিটে মাঠের বাঁ-প্রান্ত দিয়ে ২৫ গজ দূর থেকে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। মেসির ফ্রিকিক ঝাপিয়ে রুখে দেন বেনিনের গোলকিপার।

০৫: ৫৩

দশম মিনিটে থামলো খেলা

মেসির সম্মানে দশম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি।

এ সময় দর্শক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাততালিতে মহাতারকাকে শুভেচ্ছা জানান। মাঠে থাকা খেলোয়াড়েরা করমর্দন করেন।

০৫: ৪১

ছেলেদের নিয়ে মাঠে মেসি

ছেলেদের নিয়ে মাঠে মেসি
তিন ছেলের সঙ্গে মেসি

আধা ঘণ্টা দেরিতে বাজে কিক-অফ বাঁশি। তার আগে তিন ছেলেকে নিয়ে মাঠে ঢোকেন মেসি। ছেলেদের সঙ্গে নিয়েই জাতীয় সংগীত গান মেসি।ম্যাচের জন্য মেসি মাঠে নামার সময় ছিল আতশবাজির ঝলকানি। গ্যালারির দর্শকেরা সুর মিলিয়ে গাইতে থাকেন গান।

০৫: ২৯

মাঠে মেসির বিশাল জার্সি

কিক-অফের আগে মাঠের কর্মীরা ১০ নম্বর পরা আর্জেন্টিনার একটি সুবিশাল জার্সি মাঠে বিছিয়ে দেন। তবে সেই জার্সিতে মেসির নামের জায়গায় লেখা রয়েছে ‘গ্রেসিয়াস’, যার অর্থ ধন্যবাদ।

গ্যালারির দর্শকরা ‘মেসি, মেসি’ বলে গর্জন ও স্লোগান তুলেছেন।

০৫: ২৬

১৫ মিনিট দেরি

স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৫টায়) খেলা শুরুর কথা থাকলেও তা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। তবে মাঠে প্রবেশ এবং জাতীয় সঙ্গীত এর জন্য ৩০ মিনিট পর্যন্ত বিলম্ব হতে পারে খেলা শুরু হতে।