হামজার জন্মদিনে জয়ের খোঁজে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হামজার জন্মদিনে জয়ের খোঁজে বাংলাদেশ
অনুশীলনে হামজা চৌধুরী

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে কঠিন বাস্তবতার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। অন্য তিন প্রতিপক্ষ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার চেয়ে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে পারফরম্যান্সে কোনো চমকও দেখাতে পারেনি লাল-সবুজরা। তবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনটি বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ। দেশের ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন আজ। বাংলাদেশ আসিয়ান কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমখি হবে ইন্দোনেশিয়ার।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হামজা-শমিতরা। টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই নিয়ম রক্ষার।

তবে সতীর্থরা হামজার এই বিশেষ দিনটি জয় দিয়ে রাঙাতে চাইবেন। সেটা তারা পারেন কি না, দেখার বিষয়।

পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে না। দুদেশের ৬ বারের মুখোমুখি দেখায় ৪ বারই শেষ হাসি হেসেছে ইন্দোনেশিয়া।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ মনস্তাত্ত্বিক ছক কষে ডুলি বলেন, ‘ফুটবলে মনস্তত্ত্ব বড় ভূমিকা রাখে। আমরা যদি গিয়ে বলি ‘আমরা ওদের হারিয়ে দেবো’, তবে ইন্দোনেশিয়া আরও সতর্ক হয়ে নামবে। আমি কি বলবো যে আমরাই ফেভারিট? নাকি নিজেদের ‘আন্ডারডগ’ দাবি করে সুযোগ নেওয়া বুদ্ধিমানের কাজ? এতে প্রতিপক্ষ হয়তো আমাদের হালকাভাবে নেবে, আর আমরা নিজেদের সেরাটা দিয়ে ওদের চমকে দিতে পারবো!’

বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

/টিই/