শিরোনাম

বিশ্বকাপে কেউ পরিষ্কার ফেভারিট নই: আনচেলত্তি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে কেউ পরিষ্কার ফেভারিট নই: আনচেলত্তি
ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

‘মিশন হেক্সা’, ২৪ বছর ধরে ব্রাজিলের ফুটবল ভক্তদের মুখে এই দুটি শব্দ হয়তো সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। দুই যুগ পেরিয়ে গেলেও ষষ্ঠ শিরোপার দেখা পায়নি সেলেসাওরা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানালেন, হেক্সা জয়ের মন্ত্র খুঁজে পেয়েছেন তিনি।

আনচেলত্তি জানালেন, প্রত্যাশার পাহাড়সম চাপ থাকবে থাকবে খেলোয়াড়দের ওপর। ‘সত‍্যি বললে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখছি, খেলোয়াড়দের ওপর প্রচুর চাপ। আমার মনে হয় তারাও নিজেদের ওপর অনেক চাপ তৈরি করে, কখনো সেটা অতিরিক্ত।

আনচেলত্তি আরও বলেন, ‘কিছু প্রীতি ম্যাচে আমি এটা দেখেছি। সতীর্থের একটি ভুল যেন হয়ে ওঠে ট্র‍্যাজেডি। এগুলো এড়াতে হবে। চাপ অবশ‍্যই খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। চাপ ভালোভাবে সামাল দেওয়া মানে আরও বেশি উদ্দীপনা কাজ করা এবং নিজেদের মধ্যে সৌহার্দ‍্য বাড়ানো।’

আগের পাঁচ আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। শক্তিমত্তার দিক দিয়েও ইউরোপের কিছু দেশের চেয়ে পিছিয়ে আছেন তারা। এখন অনেকেই তাই ফেভারিটের তালিকায় রাখছে না ব্রাজিলকে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলকে ‘ডার্ক হর্স’ হিসেবেই দেখতে চান আনচেলত্তি, ‘আমি মনে করি, এই বিশ্বকাপে কোনো পরিষ্কার ফেভারিট নেই। কারণ, সব দলেরই নিজস্ব সমস‍্যা রয়েছে। আমার বিশ্বাস সবচেয়ে প্রাণবন্ত দলটা বিশ্বকাপ জিতবে।’

আনচেলত্তি মানছেন, নতুন যুগের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে ব্রাজিল, ‘সবসময় যেমন ছিল, এখনও সেই একই মানের ব্রাজিল আছে। প্রতিভা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আরেক প্রতিভাকে পরাস্ত করতে হলে, দলগতভাবে সংগঠিত হতে হবে। কারণ আপনি সংগঠিত হওয়া শেখাতে পারেন, কিন্তু প্রতিভা শেখতে পারবেন না।’

/টিই/