শিরোনাম

আল নাসরের হয়ে রোনালদোর না খেলার গুঞ্জন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আল নাসরের হয়ে রোনালদোর না খেলার গুঞ্জন
ক্রিশ্চিনালো রোনালদো (ছবি: সংগৃহীত)

সৌদি আরবের ক্লাব ফুটবলে দেখা দিয়েছে অস্থিরতা। আর সেই অস্থিরতা তৈরি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে। আল নাসর ম্যানেজমেন্টের প্রতি অসন্তুষ্টির কারণে নাকি দলটির হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন সিআরসেভেন। সৌদি প্রো লিগে সোমবার (২ ফেব্রুয়ারি) আল রিয়াদের মুখোমুখি হবে আল নাসর। রিয়াদের মাঠে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়।

তার আগে সূত্রের বরাদ দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস তাদের রিপোর্টে বলছে, আল নাসরের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতি অসন্তুষ্ট রোনালদো।

তবে এও খবর, আল ইত্তিহাদের বিপক্ষে আগামী শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতেই, আসছে ম্যাচটি খেলবেন না রোনালদো।

রোনালদোর অসন্তুষ্টি বা ক্ষোভের বড় কারণ পিআইএফ-এর দল পরিচলনা পদ্ধতি। প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর বিশ্বাস প্রতিষ্ঠানটি আল নাসরের ক্ষতি করছে। খেলোয়াড়দের দলবদলের বাজারে নিষ্ক্রিয় হয়ে আছে তারা। অথচ আল হিলাল সর্বোচ্চ চেষ্টা করছে নিজেদের শক্তি বাড়ানোর।

এদিকে আল ইত্তিহাদের তারকা ফরোয়ার্ড কারিম বেনজেমার আল হিলালে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। এতে কোচ সিমোনে ইনজাগির দলটির শক্তি আরও বাড়বে।

এসব গুঞ্জন সত্যি হলে আল নাসরে রোনালদোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

চলতি মৌসুমে শুরুটা দুর্দান্ত করে আল নাসর। পরে পথ হারায় তারা। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে আল নাসর। ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।

/টিই/