শিরোনাম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোতে পর্তুগাল

০৭: ২২

পর্তুগালের নাটকীয় জয়

পর্তুগালের নাটকীয় জয়
ম্যাচ শেষে জোতার জার্সি পরেন রোনালদো

নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করলেন বদলি নামা গনসালো রামোস। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো পর্তুগাল। কিন্তু নাটকের তখনো বাকি। যোগ করা সময় ছিল ১০ মিনিটের কিন্তু রামোসের গোল উদযাপনে সময় নষ্ট হওয়ায় সেটি গড়ায় ১৩ মিনিট পর্যন্ত।

ম্যাচের শেষ মুহূর্তে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার খেলোয়াড়। ম্যাচে সমতা ভেবে উল্লাসে মাতেন ক্রোয়াটরা। সাইডলাইনে মন খারাপ করতে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে রেফারি ভিএআর চেক করেন। তাতে সিদ্ধান্ত আসে অফসাইডের কারণে গোল বাতিল। এরপর রেফারি খেলা চালিয়ে যান আরও কিছুক্ষণ। তবে গোল শোধের জন্য আর যথেষ্ট সময় ছিল না। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল।

এর আগে ৫৩ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর অফসাইডে বাতিল হয় ক্রোয়েশিয়ার একটি গোল। ৮১ মিনিটে সিআরসেভেনকে মাঠ থেকে তুলে নেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

জয়ের পর পর্তুগাল দলের সবাই সম্মান জানান দিয়েগো জোতাকে। তার জার্সি ধরে সম্মান জানান রোনালদো, সঙ্গে ছিল পুরো দল। আজ পর্তুগাল ফরোয়ার্ড জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে এই দিনে গাড়ি দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ক্রিস্টিয়ানো রোনালদোর দল শেষ ষোলোতে মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। শেষ-৩২ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে। দেশের জার্সিতে বিশ্বকাপে শেষ ম্যাচটা খেলে ফেললেন ৪০ বছর বয়সী মদরিচ। হয়তো দেশের জার্সিতেও শেষ ম্যাচ!

০৬: ৫৭

সুপার সাব রামোসের গোল

পিছিয়ে পড়েও ম্যাচের অন্তিম মুহূর্তে লিড নিলো পর্তুগাল। বাঁ-প্রান্ত থেকে রাফায়েল লিয়াওয়ের ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করলেন গনসালো রামোস। ৯৪তম মিনিটে রামোসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে পর্তুগাল। ৬৩ মিনিটের সময় বদলি নামেন রামোস। পর্তুগালের জার্সিতে সপ্তমবার বদলি নেমে গোল করলেন রামোস। বিদায়ের দ্বারপ্রান্তে ক্রোয়েশিয়া। ম্যাচের যোগ করা সময় অবশ্য ১০ মিনিট।

০৬: ৪৬

রোনালদোর বদলে নেভেস

রোনালদোর বদলে নেভেস
মাঠ ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবিশ্বস্য! ম্যাচের ৮১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। তার বদলে মাঠে নামেন মিডফিল্ডার রুবেন নেভেস। দ্বিতীয়ার্ধে রোনালদো খারাপ খেলছিলেন না। দারুণ এক ফিনিশে বল জালে জড়িয়েও অফসাইডে বাতিল হয়েছিল তার প্রথম চেষ্টা। পরে পেনাল্টি থেকে দলকে সমতায় ফিরিয়েছেন তিনিই। পর্তুগাল যদি ম্যাচটি হেরে যায় তবে কোচের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে।

০৬: ৩২

নকআউটে প্রথম গোল রোনালদোর

নকআউটে প্রথম গোল রোনালদোর
বিশ্বকাপের নকআউটে প্রথমবার গোল করলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে গোল না করার দুর্নাম ঘুচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ৬৮ মিনিটে সুযোগ পেয়ে আর ভুল করেননি। পেনাল্টি গোলে সমতায় ফিরিয়েছেন পর্তুগালকে।

পেনাল্টি নিতে নিজের চিরচেনা ভঙ্গিতেই এগিয়ে যান তিনি। এরপর একদম মাঝ বরাবর শট নিয়ে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান।

এর আগে ম্যাচের ৬০ মিনিটে বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে গোল মেলেনি তখন।

০৬: ১৮

এগিয়ে গেলো ক্রোয়েশিয়া

এগিয়ে গেলো ক্রোয়েশিয়া
পেরিসিচের সঙ্গে সতীর্থদের গোল উদযাপন

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আকমণে মন দেয় ক্রোয়াটরা। ৫৩ মিনিটে গোলও পেলো দলটি। মাঠের ডানপ্রান্ত দিয়ে ক্রস করেন স্টানিসিচ। সেটি ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় হেড দিতে চাইলেও মাথা ছোঁয়াতে পারেননি। বল পান ডানদিকে থাকা পেরিসিচ। বল ধরে সময় নিয়ে শটে বল জালে পাঠান এই রাইট ব্যাক।

৫৭ মিনিটে আবার বল জালে পাঠায় ক্রোয়াটরা তবে অফসাইডে গোল হয়নি।

০৬: ১০

প্রথম কর্নার পেলো ক্রোয়েশিয়া

ম্যাচের ৪৯ মিনিটে প্রথম কর্নার পায় ক্রোয়েশিয়া। মদরিচ নেন কর্নারটি। তবে এই আক্রমণ থেকে গোল পায়নি ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ বেশি মন দিয়েছে ক্রোয়াটরা।

০৬: ০০

হাফ টাইমে পর্তুগাল ০-০ ক্রোয়েশিয়া

হাফ টাইমে পর্তুগাল ০-০ ক্রোয়েশিয়া
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের মুহূর্ত

৪৫ মিনিট শেষে পর্তুগাল ও ক্রোয়েশিয়া ম্যাচ গোলশূন্য। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপটই ছিল বেশি। একাধিকবার কাছাকাছি গিয়েও ব্যর্থ হতে হয়েছে পর্তুগালের খেলোয়াড়রা। ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদরিচ নিজ নিজ দলের পারফরম্যান্সে তেমন প্রভাব রাখতে পারেননি। বিরতির পর কারা আগে গোল করে সেটাই দেখার অপেক্ষা।

প্রথমার্ধে ৬৯ শতাংশ সময় বল দখলে রাখে পর্তুগাল। গোলের উদ্দেশ্যে ৯টি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। ক্রোয়াটদের ৩ শটের একটি ছিল লক্ষ্যে।

০৫: ২৮

রোনালদোর রেকর্ড

রোনালদোর রেকর্ড
সবচেয়ে বেশি বয়সী হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে রোনালদো

সবচেয়ে বেশি বয়সী হিসেবে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে মাঠে নামার কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দিন অর্থাৎ আজ তার বয়স ৪১ বছর ১৪৭ দিন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হলেন মিসরের গোলরক্ষক এসাম এল-হাদারি। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে যখন তিনি মাঠে নামেন, তখন তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন। তবে নকআউট পর্বে রোনালদোর চেয়ে বেশি বয়সে খেলার নজির নেই।

০৫: ১৩

পর্তুগালের আক্রমণে ঠেকাতে ব্যস্ত ক্রোয়াটরা

ম্যাচের চার মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুবারই দারুণ সেভ করে পর্তুগালকে গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলকিপার দমিনিক লিভাকোভিচ। ১২তম মিনিটে ফ্রি-কিক পায় পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর শট ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের তৈরি করা মানব দেওয়ালে আটকে যায়।

০৫: ০৬

রোনালদো নাকি মদরিচ

২০১২ থেকে ২০১৮ এই ছয় বছরে রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে ২২২টি ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ। একসঙ্গে তারা জিতেছেন ১৩টি শিরোপা, যার মধ্যে ছিল চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করা সেই দলের দুই প্রধান স্তম্ভ ছিলেন তারা। ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি'অরও জিতেছেন দুজনই। রোনালদো পাঁচটি, আর মদরিচের একটি ব্যালন ডি'অর।

আজ আবারও মুখোমুখি ইউরোপীয় ফুটবলের এই দুই কিংবদন্তি। বিশ্বকাপের মঞ্চে হয়তো এটাই শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখা যাবে রোনালদো ও মদরিচকে।

০৪: ৫৭

দুই দলের একাদশ

পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা (গোলকিপার), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রোয়েশিয়ার একাদশ: দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ; মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।