শিরোনাম

মেসি-ইয়ামালের ১৯ বছর আগের ছবি যে কারণে ভাইরাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসি-ইয়ামালের ১৯ বছর আগের ছবি যে কারণে ভাইরাল
৫ মাসের ইয়ামালকে গোসল করাচ্ছেন ২০ বছর বয়সী মেসি। ১৯ বছর আগের সেই ছবি এখন ভাইরাল

একটা বা দুইটা নয়, বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত ১টায় এমন অনেক ছবিই হয়তো তোলা হবে, যেখানে লিওনেল মেসি ও ইয়ামাল এক ফ্রেমে। ৩৯ বছর বয়সী মেসির পাশে ১৯ বছরের ইয়ামাল। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে যে কিংবদন্তি মেসির মুখোমুখি হবেন আগামীর তারকা ইয়ামাল।

এ ম্যাচের আগে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিটি ২০০৭ সালের, আজ থেকে ১৯ বছর আগের। সেই ছবিতেও এক ফ্রেমে মেসি ও ইয়ামাল। সেই ছবির মেসি ২০ বছরের তরুণ, ইয়ামাল ৫ মাসের শিশু।

ছবিটি হঠাৎ করে অন্তর্জালে সংক্রমিত হয়ে যাওয়ার কারণটা না বললেও চলে। ২০ বছরের বড়–ছোট দুই তারকার দ্বৈরথই যে আর্জেন্টিনা–স্পেন ফাইনালের সবচেয়ে বড় পোস্টার!

কিন্তু ১৯ বছর আগে ২০ বছরের মেসি আর ৫ মাসের ইয়ামালের ছবি কেন তোলা হয়েছিল? ছবিটি ছিল বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের অংশ। প্রতিবছর ক্লাবের ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রি করা হতো। আয় যেত ইউনিসেফসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে।

240710-Lionel-Messi-Lamine-Yamal-al-0931-214502
৫ মাসের ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি। তাকে সাহায্য করছেন ইয়ামালের মা

বার্সেলোনার স্কোয়াডের ১২ জন ফুটবলারকে বছরের ১২টি মাসের প্রতীক করে জুড়ে দেওয়া হতো একেকটি শিশুর সঙ্গে। অনেক পরিবার অংশ নিয়েছিল সেই আয়োজনে। বেশির ভাগ ছবিই কালের গর্ভে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু কিছু পরিবারের ব্যক্তিগত স্মৃতিতে।

সেই ছবিটাও হয়তো হারিয়ে যেত, কিন্তু নিয়তিটা লেখা ছিল অন্যভাবে। সেদিন যাকে বেছে নেওয়া হয়েছিল মেসির জোড়া হিসেবে, সে ছিল স্পেনের মাতারো শহরের এক শিশু, যে শিশু এখন মেসির লিগ্যাসি ধরে রাখার সবচেয়ে যোগ্য উত্তরসূরি।

২০০৭ সালের ডিসেম্বরের এক দিন ছিল সেটি। বার্সেলোনার এক স্টুডিওতে প্রস্তুত করা হয়েছে ছোট্ট একটা প্লাস্টিকের বাথটাব, তাতে পানি। সামনে বসানো হলো ২০ বছরের লাজুক মেসিকে। এরপর তাঁর কোলে তুলে দেওয়া হলো পাঁচ মাস বয়সী ইয়ামালকে। সেই সময় মেসিও বিশ্বসেরা নন, ইয়ামাল কী হবেন সেটাও কারও জানা ছিল না।

কিন্তু নিয়তি অদ্ভূত। ১৯ বছর পর নতুন করে ফিরিয়ে এনেছে দারুণ সেই ছবিটি।

/আরএ/