শিরোনাম

অল-স্টার ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
অল-স্টার ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক
খেলার মাঠে লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এবারের অল-স্টার ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। বিশ্রামের সিদ্ধান্তের কারণে ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ককে বুধবার (২৯ জুলাই) নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচে দেখা যাবে না। শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন এমএলএস কর্তৃপক্ষ।

এবারও এমএলএসের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত অল-স্টার দল মুখোমুখি হবে মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্সের তারকাদের। তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ মেসির অনুপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য বড় ধাক্কা।

মেসির পাশাপাশি ইন্টার মায়ামির মিডফিল্ডার রদ্রিগো ডি পলও অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। সম্প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে টানা ব্যস্ত সূচিতে খেলার পর দুই জনই বিশ্রামে আছেন। তাই তারা এই ম্যাচে খেলবেন না বলে জানা গেছে।

অল-স্টার দল থেকে আরও ছিটকে গেছেন শিকাগো ফায়ারের সাবেক ফরোয়ার্ড হুগো কুইপার্স এবং ক্লাবটির দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি। কুইপার্স সম্প্রতি শিকাগো ফায়ার ছেড়ে মেক্সিকান ক্লাব সিএফ মনতেরেতে যোগ দিয়েছেন। অন্যদিকে, এমবোকাজি চোটে ভুগছেন বলে তাকেও দলে রাখা হয়নি।

এই চার খেলোয়াড়ের পরিবর্তে নতুন ৪ জনকে অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুইলহার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেল সুযোগ পেয়েছেন এবারের দলে।

চলতি মৌসুমে ইয়ানিক ব্রাইট ইন্টার মায়ামির হয়ে দারুণ ছন্দে রয়েছেন। তার শুরুর একাদশে থাকা ১২ ম্যাচে দলটি জিতেছে ৯টিতে, ড্র করেছে দুটি এবং হেরেছে মাত্র একবার। ভ্যাঙ্কুভারের হয়ে আন্দ্রেস কুবাস ১২ ম্যাচে ৩টি অ্যাসিস্ট করেছেন। হিউস্টন ডায়নামোর জার্সিতে অভিষেক মৌসুমেই গুইলহার্মে ৮টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে, শিকাগো ফায়ারের হয়ে ফিলিপ জিঙ্কারনাগেলের ঝুলিতে রয়েছে ৫ গোল ও ৭টি অ্যাসিস্ট।

মেসির অনুপস্থিতিতে অল-স্টার ম্যাচের আকর্ষণ কমে গেলেও এমএলএস ও লিগা এমএক্সের সেরা ফুটবলারদের লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ কমবে না বলেই মনে করা হচ্ছে।

/এসআর/