শিরোনাম

ঋতুপর্ণাদের চেষ্টায় খুশি কোচ বাটলার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ঋতুপর্ণাদের চেষ্টায় খুশি কোচ বাটলার
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলছে। অস্ট্রেলিয়ায় আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণকারী ১১ দেশের র‍্যাংকিং ৭০ এর ঘরে। বাংলাদেশের র‍্যাংকিং ১০০ এর বাইরে (১১২)।

বাংলাদেশ দল চতুর্থদিনের মতো সিডনিতে অনুশীলন করেছে। দলের হেড কোচ পিটার বাটলার ভিডিও বার্তায় বলেন, ‘আমার মনে হয় এটা অনেকটা মানসিকতার সাথে সম্পর্কিত। তাদের মাথায় এটা ঢোকাতে হবে যে আমরা বর্তমানে অন্যদের তুলনায় পিছিয়ে আছি এবং আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে।’

ঋতুপর্ণারা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করছেন অনুশীলনে। তাই শিষ্যদের প্রতি কোচ অত্যন্ত সন্তুষ্ট, ‘মেয়েরা সত্যিই দারুণ কাজ করেছে। আমি তাদের প্রচেষ্টায় কোনো ত্রুটু ধরতে পারছি না; তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিশ্রম করছে তা চমৎকার।’

আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিডনিতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ঐ ম্যাচটি কোচের কাছে গুরুত্বপূর্ণ, ‘আগামীকাল দুই অর্ধে মেয়েদের সবাইকে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ এবং খেলার ধকল সবার মধ্যে ভাগ করে দেবো। আমি কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি-আমরা ৩-৪-৩, ৩-৫-২ নাকি ৪-৪-৩-৩ ফরমেশনে খেলবো, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমার মনে নির্দিষ্ট পরিকল্পনা আছে, তবে আমি পুরো বিষয়টি দুটি ৪৫ মিনিটের ভাগে দেখতে চাই।’

সিডনির ভ্যালেন্টাইন্স পার্ক মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করে কোচ বলেন, ‘অনুশীলনের জন্য এটি একটি ভালো পরিবেশ; আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মাঠগুলো অসাধারণ, যদিও এটি সাধারণ মানুষের জন্য কিছুটা উন্মুক্ত।’

/টিই/