শিরোনাম

রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা অগ্রহণযোগ্য: কলিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা অগ্রহণযোগ্য: কলিনা
ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইগি কলিনা

চলতি বিশ্বকাপে রেফারিদের ম্যাচ পরিচালনার ওপর কোনো ধরনের রাজনৈতিক বা বাহ্যিক চাপ কাজ করে না বলে জানিয়ে দিয়েছেন ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইগি কলিনা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের কোচিং স্টাফের পক্ষ থেকে রেফারিংয়ের সততা নিয়ে প্রশ্ন তোলার পর কঠোর অবস্থান নিয়েছেন সাবেক এ কিংবদন্তি রেফারি। ম্যাচ পরিচালনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়ে বিতর্ক তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে শেষ ষোলোর ম্যাচে মার্কিন ফরোয়ার্ড বালোগুনকে লাল কার্ড দেখানোর পর ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ক্লাউসের সিদ্ধান্তকে ‘সন্দেহজনক’ আখ্যা দেওয়ার জবাবে কলিনা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের মন্তব্য মাঠের কর্মকর্তাদের এবং তাদের পরিবারের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। খেলোয়াড় ও কোচদের মতো মাঠের রেফারিরাও সম্পূর্ণ সততার সাথে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেন।

এদিকে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে ফরাসি রেফারি লেতিক্সেয়ের নেওয়া সিদ্ধান্তগুলোরও জোরালো সমর্থন করেছেন কলিনা। ওই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে মিসরের একটি গোল বাতিল করা এবং হুলিয়ান আলভারেজের সঙ্গে মোহাম্মদ সালাহর সংঘর্ষের পরও আর্জেন্টিনার গোল বহাল রাখা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় মিসর। গোল বাতিলের ব্যাখ্যায় কলিনা জানান, আক্রমণের শুরুতে কোনো ফাউল হলে গোল থেকে তার দূরত্ব বা সময়ের কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই ভিএআর অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করতে পারে। মিসরের খেলোয়াড় আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর পা দেওয়ায় ওই আক্রমণ থেকে আসা গোলটি নিয়মানুযায়ী বাতিল করা হয়েছে। অন্যদিকে, সালাহ ও আলভারেজের ঘটনাটিকে ‘স্বাভাবিক খেলার অংশ’ হিসেবে উল্লেখ করে কলিনা বলেন, ডিফেন্ডার আগে বলে স্পর্শ করার পর স্বাভাবিক শারীরিক সংস্পর্শ কোনো অপরাধ নয়। কিছু সিদ্ধান্তে ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ থাকলেও পুরো টুর্নামেন্টে এই নীতি প্রয়োগের ধারাবাহিকতায় ফিফা পুরোপুরি সন্তুষ্ট।

/এমএকে/