শিরোনাম

নেইমারের বিদায়ে আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেইমারের বিদায়ে আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা
নেইমার জুনিয়র (বাঁয়ে) ও মাশরাফি বিন মর্তুজা (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল দুনিয়ায় বইছে আলোচনার ঝড়। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে সেলেসাওদের এই বিদায়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কট্টর সমর্থক হয়েও আনন্দিত হতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। উল্টো দলটির বিদায়ের চেয়েও মাশরাফির মন বেশি পুড়ছে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের জন্য। একই সঙ্গে টুর্নামেন্টজুড়ে বিশ্বমানের এই ফুটবলারকে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির রণকৌশল নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে মাশরাফি তার এই চরম হতাশার কথা জানান। তিনি উল্লেখ করেন, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে এভাবে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখাটা ছিল অত্যন্ত বিরক্তিকর। এবারের বিশ্বকাপে নেইমারের যাত্রাটা মোটেও সুখকর ছিল না। অনেক আলোচনা-সমালোচনার পর আনচেলত্তির দলে জায়গা পেলেও প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগই পাননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৬৮ মিনিটে কেবল বদলি হিসেবে মাঠে নামানো হয় তাকে। আর জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে তো ডাগআউটেই বন্দি ছিলেন এই তারকা। মাশরাফি মনে করেন, নেইমারকে যদি কোচ একটু বেশি সময় মাঠে দিতেন, তবে হয়তো ব্রাজিলের বিদায়ের গল্পটা অন্যভাবে লেখা হতে পারত। বিদায়বেলায় এই মহান ড্রিবলারের চোখের জল গভীরভাবে ছুঁয়ে গেছে মাশরাফিকে।

নরওয়ের বিপক্ষে ম্যাচে দুটি পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। বিশেষ করে ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারাইসের পেনাল্টি মিস দলটিকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে পেনাল্টি মিসকে মাঠের খেলারই একটা স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন মাশরাফি। কাতার বিশ্বকাপের ফাইনালের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, ফ্রান্স দুটি পেনাল্টি পেয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছিল। তাই পেনাল্টি পেলেই যে বিশ্বকাপ নিশ্চিত, বিষয়টি এমন নয়।

ব্রাজিলিয়ান সমর্থকদের এই কঠিন সময়ে সান্ত্বনা দিতেও ভোলেননি আর্জেন্টিনার এই ভক্ত। দীর্ঘ ৩৬ বছর ট্রফিহীন থাকার যন্ত্রণা মনে করিয়ে দিয়ে মাশরাফি ব্রাজিল ভক্তদের উদ্দেশ্যে বলেন, এই কষ্টের তীব্রতা আর্জেন্টিনার সমর্থকদের চেয়ে ভালো কেউ বুঝবে না। তাই ভেঙে না পড়ে আলবিসেলেস্তে সমর্থকদের কাছ থেকে মানসিক শক্তি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজেকে পৃথিবীর সেরা সমর্থক গোষ্ঠীর অংশ দাবি করে ব্রাজিল ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাশরাফি আশা প্রকাশ করেন, হেক্সা মিশন এবার না হলেও সামনে নিশ্চয়ই সফল হবে।

/এমএকে/