শিরোনাম

বিশ্বকাপের আগে দাপুটে জয় ব্রাজিলের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে দাপুটে জয় ব্রাজিলের
গোল কারার পর ব্রাজিলের খেলোয়াড়দের উদযাপন।

বিশ্বকাপের বাকি আর মাত্র ১০ দিন। এর আগে পানামার বিপক্ষে নিজেদের মাটিতে শেষ ম্যাচ খেলেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনিরোর ৭০ হাজারের বেশি দর্শকে ঠাসা স্টেডিয়াম মারাকানায় আক্রমণাত্মক ফুটবল খেলে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাও।

বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চোটের কারণে দলে ছিল না নেইমার জুনিয়র। তবে বাকি খেলোয়াড়রা মারাকানা স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন।

ম্যাচের বাঁশি বাজতেই পানামার জালে ঢুকে যায় বাল! খেলা শুরুর মাত্র এক মিনিটেই গোল খেয়ে যায় পানামা। দলের মিডফিল্ড পেছন থেকে বিল্ড আপ করতে গিয়ে ভুল করে। কাসেমিরো বল কেড়ে ভিনিসিয়ুস জুনিয়রকে কাছে দেন। বক্সের বাইরে ২৩ মিটার দূর থেকে অসাধারণ শটে বল জালে পাঠান ভিনি।

তবে ১৩ মিনিটে ফ্রি কিক থেকে সমতায় ফেরে মধ্য আমেরিকার দেশ পানামা। ৩৮ মিনিটে আবার ব্যবধান বাড়ায় ব্রাজিল। অ্যালেক্স স্যান্ড্রো বাম দিকে ভিনিসিয়ুসকে বল পাস করলে ভিনি দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু ক্রস করেন। কাসেমিরো সেটি হেডে জালে পাঠান। রেফারি যাচাই করে গোল মঞ্জুর করেন। তবে বিরতির আগে আর গোল করতে পারেনি উভয় দল।

বিরতিতে ব্রাজিলের ১০ জন বদলি খেলোয়াড় নেমে তারাও ছন্দ ধরে রাখে। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে গোলরক্ষক মোসকেরা বল বাড়াতে গিয়ে ভুল করলে সুযোগ লুফে নেন রায়ান। বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শটে তৃতীয় গোল করেন তিনি।

১৪ মিনিটে চতুর্থ গোল যোগ করেন লুকাস পাকেতা। কিছুক্ষণ পর পেনাল্টি থেকে আসে পঞ্চম গোল। শট নেন ইগর থিয়াগো। শেষ দিকে লুকাস পাকেতার থ্রু বল থেকে বক্সে ঢুকে নিচের কোণ দিয়ে বল জালে জড়ান দানিলো সান্তোস। ম্যাচ শেষের আগে পানামার পক্ষে দ্বিতীয় গোলটি করেন হার্ভি।

মাচ্যের শেষ পর্যন্ত দারুণ ছন্দ ধরে রেখেছিলো ব্রাজিল। বিশ্বকাপের আগে দলের এমন পারফর্ম্যান্সে ভক্ত-সমর্থকদের মনে দারুণ আশার সঞ্চার করেছে।

/জেএইচ/