শিরোনাম

‘গোল্ডেন বুট নয়, ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোই আমার লক্ষ্য’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘গোল্ডেন বুট নয়, ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোই আমার লক্ষ্য’
ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে বড় করে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। গোল্ডেন বুট জয়ের ব্যক্তিগত গৌরবের চেয়ে থ্রি লায়ন্সদের জন্য ট্রফি ঘরে তোলাই যে এখন তার মূল লক্ষ্য, তা স্পষ্ট করেছেন এ তারকা স্ট্রাইকার।

সংবাদ সম্মেলনে কেইন জানিয়েছেন, তার একমাত্র ধ্যান-জ্ঞান এখন বিশ্বকাপ জয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ছয়টি গোল করে গোল্ডেন বুট নিজের করে নেন তিনি। এবারও গোলদাতার তালিকায় ওপরের দিকে থাকা সত্ত্বেও ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, যদি ব্যক্তিগত কোনো ট্রফি ও বিশ্বকাপের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তবে তিনি নিঃসন্দেহে দেশের জন্য বিশ্বকাপ শিরোপাটিই বেছে নেবেন। এই ম্যাচটিতে মাঠে নামলেই ওয়েন রুনির ১২০ ম্যাচের ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলবেন কেইন। এ অর্জনকে অত্যন্ত গর্বের হিসেবে দেখলেও কেইন জানিয়েছেন, তার সম্পূর্ণ মনোযোগ এখন শুধুই কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে।

ম্যাচে নরওয়ের গোলমেশিন আরলিং হলান্ডের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে কেইন কিছুটা ভিন্নমত পোষণ করেন। হলান্ড শারীরিক শক্তিতে অনন্য এবং একজন দুর্দান্ত গোলস্কোরার হলেও কেইন মনে করেন তার নিজের খেলার ধরন আলাদা। তাই দুজনের মধ্যে সরাসরি তুলনা করা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে কেইন সতর্ক করেছেন, শুধু হলান্ডকে থামালেই কাজ শেষ হবে না, কারণ নরওয়ে দলে ওডেগার্ড ও সরলথের মতো বেশ কিছু উঁচু মানের ফুটবলার রয়েছেন। এ জন্য পুরো দলকেই সমান গুরুত্ব দিয়ে মাঠে নামতে হবে। অধিনায়কের এমন নিঃস্বার্থ ও দূরদর্শী মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। কেইনকে একজন অসাধারণ ও নিবেদিতপ্রাণ নেতা আখ্যা দিয়ে তিনি জানান, দলের জন্য সবকিছু উজাড় করে দেওয়া এমন একজন ফুটবলারকে কোচিং করানো যেকোনো কোচের জন্যই পরম সৌভাগ্যের ব্যাপার।

/এমএকে/