শিরোনাম

চীনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অর্পিতারা

নিজস্ব প্রতিবেদক
চীনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অর্পিতারা
অনুশীলনে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের বিপক্ষে লড়াইয়ের আগে আলোচনায় আসছে থাইল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো। বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য কঠিন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৪ এপ্রিল) চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল যাবে কোয়ার্টার-ফাইনালে। চীনের বিপক্ষে ভালো করে গ্রুপ পর্ব পেরুনোর সম্ভাবনা জোরাল করতে শুক্রবার (৩ এপ্রিল) ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নিয়েছে দল।

বাংলাদেশ দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘গতকালকের (বৃহস্পতিবার) রিকভারি সেশনের পরে আজকে আমরা আবার অনুশীলনে এসেছি এবং গত ম্যাচে যে ভুল-ভ্রান্তিগুলো ছিল, টেকনিক্যালি-ট্যাকটিক্যালি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, ভুলের পরিমাণ কীভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে কোচ কাজ করেছে। মেয়েরা স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, আমি আশাবাদী ভালো কিছুই হবে আগামীকাল।’

নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে এই টুর্নামেন্টে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে অপির্তা বিশ্বাসের বাহুতে। তিনি বলেন, ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়তে প্রস্তুত তার দল। ‘ইতোমধ্যে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি এবং আমরা সেখানে যে ভুলগুলো করেছি, আজকে কোচ আমাদেরকে নিয়ে সেসব কাজ করেছেন। আমাদের পজিশন, শেইপ-এসবে যেগুলো ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। ফিনিশিংয়ের সমস্যা ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। চীন মোটামুটি ভালো দল, আমরা তাদের সাথে লড়াই করবো এবং তাদের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত।’

/টিই/