শিরোনাম

পাকিস্তান ম্যাচ নিয়ে যা বলছে ভারত, জরুরি বৈঠকে আইসিসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ম্যাচ নিয়ে যা বলছে ভারত, জরুরি বৈঠকে আইসিসি
ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর এমন ঘোষণার ১৭ ঘণ্টা পর মুখ খুললো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘আইসিসি বড় বিবৃতি দিয়েছে। তারা ক্রিকেটীয় মানসিকতার কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে সহমত। তবে আইসিসির সঙ্গে কথা বলার আগে এই বিষয়ে বিসিসিআই কোনো মন্তব্য করবে না।’

রাজীবের কথা থেকে স্পষ্ট, আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিসিসিআই। এরই মধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে জরুরি সভায় বসেছে আইসিসি। জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে এ সভায়। আইসিসি সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

উল্লেখ্য, এর আগে গেল বছর এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। তবে হাইব্রিড মডেল মেনে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্ট। ভারত তাদের ম্যাচগুলো খেলে আরব আমিরাতে। ভারত ফাইনালে ওঠায় সেটিও হয় আরব আমিরাতে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। তবে হাইব্রিড মডেল মেনে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ফলে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা কলম্বোতে।

আয়োজক দেশ হয়েও শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে যেতো ভারত। তার পরেও পাকিস্তান খেলতে চাইছে না ম্যাচটি। ফলে আইসিসি বড় ধরনের শাস্তি দিতে পারে পাকিস্তানকে এমন ধারণাও করা হচ্ছে।

/টিই/