শিরোনাম

মুশফিকের সামনে মাইলফলকের হাতছানি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মুশফিকের সামনে মাইলফলকের হাতছানি
মুশফিকুর রহিম

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয় পেলে বা ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ক্যারিয়ারে বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম।

৭ হাজার টেস্ট রান থেকে ১৫৮ রান দূরে আছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাকাইয়ে সেটি ছুঁতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখাবেন মুশফিকুর রহিম।

মুশফিক ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি করে গড়েন বিশেষ কীর্তি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার পাশাপাশি শততম টেস্টে সেঞ্চুরি করা বিরল ব্যাটারদের তালিকাতে জায়গা করে নেন।

ম্যাকাইয়ে নামার আগে ১০৪ টেস্টে ১৯১ ইনিংসে মুশফিকের রান ৬ হাজার ৮৪২। টেস্টে ৫ হাজার ২১০ রান নিয়ে তালিকায় মুশফিকের পরেই আছেন মুমিনুল হক। এরপর তামিম ইকবাল ৫ হাজার ১৩৪, সাকিব আল হাসান ৪ হাজার ৬০৯ এবং লিটন দাসের ৩ হাজার ৩৫৬ রান।

৩৯ বছর বয়সী মুশফিকের টেস্ট গড় ৩৯.০৯। ১৪ সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে আছে ২৯টি ফিফটি ও তিনটি ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারসেরা অপরাজিত ২১৯ রানের ইনিংসটি খেলেছেন ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।

ডারউইন টেস্টে প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে ৫৫ বলে ৩৬ রান করে আউট হন মুশফিক।

৭ হাজার রানের মাইলফলক আর বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি- ম্যাকাইয়ে তাই মুশফিকের ব্যাটের দিকে আলাদা নজর থাকবে।

/টিই/