শিরোনাম

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ করেছেন বুলবুল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ করেছেন বুলবুল
আইসিসি ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি সভাপতির, মাঝে পিসিবি চেয়ারম্যান। ছবিটি ৮ ফেব্রুয়ারির

বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচটি খেলার জন্যও পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক সময়ে সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আইসিসিকেও ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা সংকটের কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি রাজি হয়নি। এই ঘটনায় বিসিবির প্রতি ‘অন্যায়’ করা হয়েছে দাবি করে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান।

বিশ্ব ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন পাকিস্তান খেলে, এ নিয়ে আলোচনা করতে রবিবার পাকিস্তান যান আইসিসির প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

বিসিবি সভাপতিকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘গতকাল (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। তারা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো বড় সিদ্ধান্তও নিয়েছে। এ জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী, বোর্ড ও পাকিস্তানের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেছেন, ‘এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার উদাহরণ রেখেছে, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হোক—এই কামনাই করি।’

এদিকে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে নির্ধারিত সূচি মেনেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

প্রতিবেদনে বলা হয়েছে, খেলার পক্ষে পাকিস্তানের মৌন সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার রাতে বা কালকের মধ্যেই প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর পিসিবি আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে খেলার বিষয়ে ঘোষণা দেবে।

/টিই/