শিরোনাম

বিশ্বকাপ জেতায় দলকে ১৫১ কোটি রুপি দিলো ভারতীয় বোর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জেতায় দলকে ১৫১ কোটি রুপি দিলো ভারতীয় বোর্ড
শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়েছে ভারত। এমন সাফল্যের পর দলের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। জাসপ্রিত বুমরা, সাঞ্জু স্যামসনরা পাচ্ছেন ১৫১ কোটি রুপি।

বিসিসিআই মঙ্গলবার (১০ মার্চ) বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, ‘ঐতিহাসিক এই সাফল্যের জন্য ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের আরও একবার অভিনন্দন জানাচ্ছে বোর্ড। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এটাই কামনা।’

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে প্রায় ২৭ কোটি ৫৬ লাখ রুপি প্রাইজমানি পেয়েছে সূর্যকুমার যাদব। অর্থাৎ বিশ্বকাপ জিতে যে অর্থ পেয়েছে ভারতীয় ক্রিকেটারা বিসিসিআই দলটিকে উপহার দিলো এর কয়েকগুণ বেশি।

আহমেদাবাদে গত রবিবার নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত। রেকর্ড ২৫৫ রান করে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে গুটিয়ে দেয় তারা। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড তৃতীয় ট্রফি ঘরে তোলে ভারত।

প্রথমবারের মতো ঘরের মাঠে এই ট্রফি জেতা দলও ভারত।

/টিই/