শিরোনাম

পাকিস্তান ম্যাচ বয়কট করলেও মাঠে যাবে ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ম্যাচ বয়কট করলেও মাঠে যাবে ভারত
গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টস (ফাইল ছবি)

পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর এমন ঘোষণার পর এ নিয়ে তোলপাড় চলছে। সম্ভাব্য পরিণতি মনে করিয়ে দিয়ে আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পাকিস্তানকে। এদিকে ভারতীয় দল আইসিসির নিয়ম মেনে নিজেদের কাজগুলো করে যাবে।

ম্যাচটি হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে। সময়মতো শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল। তারা অনুশীলনও করবেন, সংবাদ সম্মেলন হবে, ম্যাচের দিন সময়মতো মাঠেও থাকবে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন নিউজ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের কথা তুলে ধরে বলা হয়েছে, ‘ম্যাচটি খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে এবং আইসিসির প্রটোকল অনুসরণ করবে। তারা সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে, সময়মতো স্টেডিয়ামে পৌঁছবে এবং ম্যাচ রেফারির খেলা বাতিল করার সিদ্ধান্তের অপেক্ষা করবে।’

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেওয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা টসের সময় মাঠে উপস্থিত না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করা হতে পারে।

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরেই। আইসিসি ও এসিসির টুর্নামেন্টে মুখোমুখি হয়ে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচটি না হলে আইসিসির সম্ভাব্য আয়ে বড় ধাক্কা লাগবে।

/টিই/