শিরোনাম

বুলবুলের ব্লক লিস্টে তামিম ইকবাল!

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বুলবুলের ব্লক লিস্টে তামিম ইকবাল!
তামিম ইকবাল (বামে) ও আমিনুল ইসলাম বুলবুল ডানে। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল। সাবেক অধিনায়কদের জন্য বিশেষ ‘ক্যাপ্টেন্স কার্ড’ বিতরণের উদ্যোগ নিলেও আমিনুল ইসলাম বুলবুল তাকে ফোনে ব্লক করে রেখেছেন বলে জানিয়েছেন তামিম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালীন বিসিবি প্রধান নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। আমিনুল ইসলাম বুলবুল এ সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেকে একমাত্র বৈধ সভাপতি দাবি করলেও আইসিসি তামিমের বোর্ডকে স্বীকৃতি দেওয়ায় শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যেতে পারেননি। গত ৭ এপ্রিল দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় সাবেক অধিনায়কদের সম্মানিত করার বিশেষ আয়োজন করেন তামিম। ১৯৯৯ সালের বিশ্বকাপ অধিনায়ক হিসেবে বুলবুলের সম্মানেও কার্ড প্রস্তুত রাখা হয়েছিল, তবে তার সঙ্গে যোগাযোগই করতে পারেনি বিসিবি।

তামিম ইকবাল জানান, তিনি ব্যক্তিগতভাবে সকল সাবেক অধিনায়ককে ফোন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছেন। তবে পরিস্থিতির কারণে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান উপস্থিত হতে পারেননি। অন্যদিকে, নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে কারাগারে থাকায় তার স্ত্রীর মাধ্যমে তাকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে বুলবুলের প্রসঙ্গে তামিম বলেন, আমি বুলবুল ভাইকে কল এবং মেসেজ পাঠিয়েও কোনো সাড়া পাইনি। পরে বুঝতে পারলাম আমি ফোনে এবং হোয়াটসঅ্যাপে ব্লকড। তাই উনার সঙ্গে সরাসরি কোনো কথা বলা সম্ভব হয়নি।

বিসিবি সভাপতি আরও জানান, যারা অনুষ্ঠানে আসতে পারেননি তারা যেকোনো সুবিধাজনক সময়ে এ কার্ড সংগ্রহ করতে পারবেন। এই বিশেষ কার্ডের আওতায় সাবেক অধিনায়করা দেশে-বিদেশে বাংলাদেশের সব খেলায় বিনামূল্যে প্রবেশের পাশাপাশি ভিভিআইপি কার পার্কিং ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। একইসঙ্গে তারা বিসিবির চিকিৎসকদের থেকে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবাও গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতে বোর্ডের সক্ষমতা বাড়লে এ সুবিধার পরিধি আরও বিস্তৃত করার আশ্বাস দিয়েছেন তামিম ইকবাল।

/এমএকে/