শিরোনাম

৩ দাবি মানলে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে পাকিস্তান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৩ দাবি মানলে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে পাকিস্তান
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। বাংলাদেশ তখন আইসিসির কাছে ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় পরিবর্তনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এই টানাপোড়েনের প্রথম থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের অচলাবস্থা তৈরি হয়েছে, যার নিরসন হওয়ার আভাস মিলেছে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে।

আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানায়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অচলাবস্থা সমাধানের জন্য পিসিবি তিনটি দাবি উপস্থাপন করেছে। দাবিগুলো হলে, বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ; টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

এনডিটিভি আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এই ব্যাপারে আগের অবস্থানে আছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/