শিরোনাম

বিসিবির জরুরি সভা, আলোচনায় থাকছে যেসব বিষয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিসিবির জরুরি সভা, আলোচনায় থাকছে যেসব বিষয়
কোলাজ: সিটিজেন জার্নাল

দেশের ক্রিকেটাঙ্গন সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয়টি পুরোনো হলেও নতুন করে তা সামনে এসেছে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মন্তব্য করেছেন, বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, এমনকি দুজন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এসব বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিছুদিন ধরেই বোর্ড পরিচালকদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য শোনা যাচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়েও নানা গুঞ্জন রয়েছে। পাশাপাশি বিসিবির টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। এসব অস্থিরতার মধ্যেই পরিচালকদের নিয়ে সভা ডেকেছেন বুলবুল।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আজ দুপুর ১টায় জুম মিটিংয়ের মাধ্যমে পরিচালকদের সভা অনুষ্ঠিত হবে। সভাপতি বুলবুল এতে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হবেন। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে। এর মধ্যে আসন্ন নারী বিপিএল আয়োজন নিয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি নতুন প্রধান নির্বাচক নিয়োগ নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বোর্ডের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা চলছে। বুলবুল সপ্তাহখানেকের ছুটিতে পরিবারের কাছে অস্ট্রেলিয়ায় গেলেও কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও শোনা যাচ্ছে।

নতুন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আমিনুল হক বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন। ওই নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া ক্রিকেট বর্জন করা ক্লাবগুলোও সমাধানের আশায় ক্রীড়া মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে আছে।

/এসএ/