ক্রিকেটারদের পাসপোর্ট ও আইফোনসহ ৮ লাগেজ উধাও

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ক্রিকেটারদের পাসপোর্ট ও আইফোনসহ ৮ লাগেজ উধাও
বিসিবির একটি কাভার্ডভ্যানে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন চালক সজীব হোসেন

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ঢাকায় থেকে রাজশাহী ফেরার পথে বিপাকে পড়েছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। দলের সদস্যদের ৫৪টি লাগেজের মধ্যে আটটি রাজশাহীতে পৌঁছায়নি। হারিয়ে যাওয়া লাগেজগুলোতে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, মার্কিন ডলার, নগদ টাকা ও ক্রীড়াসামগ্রী ছিল।

এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সেগুলোর সন্ধান মেলেনি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাগেজ খোয়া যাওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি নাটোর অথবা রাজশাহী জেলার মহাসড়ক এলাকায় ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই জেলার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এ ছাড়া রাজপাড়া থানা থেকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত লাগেজগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলেছে রাজশাহী বিভাগ। বুধবার সকালে দলের সদস্যরা বিমানে রাজশাহী ফেরেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যানে ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন চালক সজীব হোসেন। বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ না থাকার বিষয়টি সামনে আসে।

অভিযোগে মেহেরাব হোসেন জানিয়েছেন, তার হারানো লাগেজে পাসপোর্ট, আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ তিন লাখ টাকা, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি পারফিউম ও ব্যবহৃত পোশাক ছিল। আব্দুল কাদেরের লাগেজে ছিল প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বিশেষ ম্যাসাজ বেল্ট, দুই জোড়া জুতা ও পোশাক। মোহর শেখ অন্তরের লাগেজে ছিল প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি জেবিএল স্পিকার ও পোশাক। মো. ওয়ালিদের লাগেজে ছিল ব্যক্তিগত পোশাক। এ ছাড়া দলের চারটি যৌথ লাগেজে খেলোয়াড়দের ব্যবহৃত পোশাক ও অন্যান্য সামগ্রী ছিল।

অভিযোগ পাওয়ার পর কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চালকের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে রাজশাহীতে আসার পথে হাটিকুমরুল-বনপাড়া বাইপাসের একটি হোটেলে গাড়ি থামিয়ে রাতের খাবার খান তিনি। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়ার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামানোর পর তিনি দেখতে পান, কাভার্ডভ্যানের পেছনের দরজা খোলা। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের অনুপস্থিতি ধরা পড়ে।

লাগেজ হারিয়ে উদ্বেগে রয়েছেন দলের ক্রিকেটাররা। আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। এর আগে পাসপোর্ট, ব্যক্তিগত মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে সমস্যায় পড়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেটার মেহেরাব হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘এ ঘটনায় আমরা অত্যন্ত বিব্রত ও মর্মাহত। অভিযোগ দেওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করেছে। খোয়া যাওয়া লাগেজ দ্রুত উদ্ধারে দুই জেলার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে আমরা জেনেছি।’

/এমআর/