শিরোনাম

ভারত ম্যাচ না খেললে যে শাস্তি পেতে পারে পাকিস্তান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারত ম্যাচ না খেললে যে শাস্তি পেতে পারে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল (ফাইল ছবি)

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করায় পাকিস্তানকে নানা দিক থেকে ভুগতে হতে পারে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত পাকিস্তান জানানোর পর আইসিসিও তাদের সতর্ক করে সম্ভাব্য পরিণতির কথা মনে করিয়ে দিয়েছে। এখন ক্রিকেট মহলে একটাই প্রশ্ন, কেমন শাস্তি পেরে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ২০০ কোটি রুপির বেশি সম্ভাব্য আয় হারাবে আইসিসি। আইসিসি সম্ভাব্য কী ব্যবস্থা নিতে পারে পিসিবির বিরুদ্ধে সংবাদ মাধ্যমে আলোচনা চলছে তা নিয়ে।

আর্থিক ঘাটতি পুষিয়ে নিতে পিসিবিকে জরিমানা করা বা আইসিসির রাজস্ব থেকে পিসিবির ভাগ কমিয়ে দেবে এমনটি মনে করা হচ্ছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে পাকিস্তানের। আইসিসি র‌্যাঙ্কিংয়েও কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহুদিন ধরেই। এবার অন্য দেশও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করতে পারে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ক্রিকেটারদের অনাপত্তির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে। পরবর্তী এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হতে পারে পাকিস্তানকে, এমন গুঞ্জনও আছে।

ভারতের রেভস্পোর্টজের খবরে বলা হয়েছে, এ বিষয়ে আদালতেও টেনে নেওয়া হতে পারে পাকিস্তানকে। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে আইসিসি কেমন ব্যবস্থা নেয় সেটি দেখার।

/টিই/