আজ সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
প্রতীকী ছবি

মাত্র ১০ দিন আগেই নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। ওই হারের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা। সেই ভারতের বিপক্ষেই আজ রবিবার (২০ সেপ্টেম্বর) আবার সেমিফাইনালে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা।

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচে এগিয়ে থাকবে ভারত। কারণ, কয়েকদিন আগেই এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা।

টি-টোয়েন্টিতে ভারতের সর্বশেষ হার গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর টানা ছয় ম্যাচ জিতেছে দলটি। এশিয়ার দলগুলোর বিপক্ষেও সাম্প্রতিক সময়ে তারা ভালো করেছে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।

অন্যদিকে, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে মাঠেই নামতে পারেনি। চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা পায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ডও খুব ভালো নয়। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপেও ভারতের কাছে হেরেছে তারা।

তবে ভারতের বিপক্ষে এবারও বাংলাদেশের ভরসা বোলিং। ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন জয়ের দুটিতেই প্রতিপক্ষকে ১২০ রানের নিচে আটকে রেখেছিল বোলাররা।

বাংলাদেশের স্পিনারদের পাশাপাশি পেসার মারুফা আক্তারের দিকেও থাকবে নজর। দারুণ ছন্দে থাকা এই পেসার নতুন বলে সুইং করিয়ে নিয়মিত ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। সর্বশেষ ছয়টি টি-টোয়েন্টির প্রতিটিতেই উইকেট পেয়েছেন মারুফা।

ফলে এশিয়া কাপের সেমিফাইনালের হারের পর এবার এশিয়ান গেমসের মঞ্চে ভারতকে চ্যালেঞ্জ জানাতে বোলারদের ওপরই বেশি ভরসা বাংলাদেশের।

/এফআর/