শিরোনাম

সিরিজ বাঁচানোর ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিরিজ বাঁচানোর ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ে সফরে লজ্জা এড়িয়ে অন্তত একটি সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও এখন ব্যাকফুটে সফরকারীরা। শুক্রবার (১৭ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে তাওহীদ হৃদয়ের দল, যেখানে হারলেই নিশ্চিত হবে সফরের তিন ফরম্যাটেই সিরিজ খোয়ানোর হতাশা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

চলতি সফরে শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ দল। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হাতছাড়া করেছে তারা। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পেয়ে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই তা ভেস্তে গেছে চেনা ব্যাটিং ব্যর্থতায়। জিম্বাবুয়ের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা ৩২ রানে হেরে যায়, ১৯ ওভারে মাত্র ১৩৮ রানেই থমকে যায় তাদের ইনিংস।

বল হাতে পেসার নাহিদ রানা ২৬ রানে ক্যারিয়ারসেরা ৪ উইকেট শিকার করলেও ব্যাটারদের দায়িত্বহীনতায় তা সম্পূর্ণ বৃথা গেছে। দীর্ঘ ৪ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে ইয়াসির আলী ৩৮ বলে ৫৪ রানের একটি লড়াকু ইনিংস খেলে কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে তিনি বিদায় নিতেই ভেঙে পড়ে মিডল ও লোয়ার অর্ডার। মাত্র ১৪ বলের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

/এমএকে/