শিরোনাম

মোস্তাফিজ-ইমনের দাপটে লাহোরের জয়

সিটিজেন ডেস্ক
মোস্তাফিজ-ইমনের দাপটে লাহোরের জয়
লাহোর কালান্দার্সের টিমে মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আগের দুই ম্যাচে মিডল অর্ডারে নেমে বড় কিছু করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে ফখর জামান নিষেধাজ্ঞায় পড়ায় লাহোর কালান্দার্সের হয়ে ওপেনিংয়ের সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। ব্যাট হাতে ঝড় তুলে ১৯ বলে ৪৫ রান করেন ইমন। পাশাপাশি বল হাতে জোড়া উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ফলে দুই বাংলাদেশির ওপর ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারায় লাহোর।

শুক্রবার (৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ১৩ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার মোহাম্মদ নাঈম ও ইমন। মাত্র ৫.১ ওভারে তারা গড়েন ৮৬ রানের জুটি। এরপর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজা ক্যামিও ইনিংস খেললে লাহোর বড় সংগ্রহ দাঁড় করায়।

শুরুতে ধীরগতিতে খেললেও পরে ঝড় তোলেন ইমন। ১০ বলে ৯ রান করার পর হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ৩.৩ থেকে ৪.৩ ওভারের মধ্যে মাত্র সাত বলে পাঁচটি ছক্কা ও একটি চার হাঁকান। শেষ পর্যন্ত ১৯ বলে ৪৫ রান করেন, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার।

ইমন দ্রুত আউট হলেও নাঈম ও শফিক রানের গতি ধরে রাখেন। নাঈম ২৮ বলে ৬০ রান করেন, যেখানে চারটি চার ও চারটি ছক্কা ছিল। শফিক করেন ১৪ বলে ৩৩ রান। ১৩ ওভারে লাহোর তোলে ১৮৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মুলতান। ১৮ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা। পরে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। দলের হয়ে সাহিবজাদা ফারহান ২৪ রান করেন, আর শান মাসুদ ৪৪ রান করেন।

মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। তার সঙ্গে শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা একটি করে উইকেট শিকার করেন।

শেষদিকে অ্যাশটন টার্নার ২২ বলে অপরাজিত ৫২ রান করে লড়াই জমালেও ১৩ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানে থামে মুলতানের ইনিংস।

এই জয়ে তিন ম্যাচ শেষে লাহোর ও মুলতান দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৪। তবে নেট রানরেটে এগিয়ে লাহোর দুই নম্বরে রয়েছে। তিন ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে অবস্থান করছে করাচি কিংস।

/জেএইচ/