শিরোনাম

১৭ রানে পিছিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১৭ রানে পিছিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
ফিফটি করেছেন তানজিদ তামিম

ডারউইন টেস্টের প্রথম দিনের মতো আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও বাংলাদেশের বললে ভুল হবে না। তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের স্কোর লাঞ্চের আগে ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে ১৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত তানজিদ তামিম। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। এই সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দেয় বাংলাদেশ। মুমিনুল ৪৯ রানে থেমেছেন।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়লে আউট হন মুমিনুল। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করেন তানজিদ ১০২ বলে। তানজিদের ইনিংসে এখন পর্যন্ত ৬ চার ও ১ ছক্কা। শান্তর ইনিংসে আছে ৩টি চার।

/টিই/