আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের পরিসংখ্যান কী বলছে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের পরিসংখ্যান কী বলছে
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পথচলা শুরু ১৯৯৭ সালে কেনিয়ার প্রেসিডেন্টস কাপ দিয়ে। এরপর ১৩টি ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে সাফল্য এসেছে মাত্র একবার। সেটি ২০১৯ সালে আয়ারল্যান্ডে। আরও দুবার ফাইনালে উঠে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

১৯৯৭ সালে কেনিয়ায় স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় বাংলাদেশের। চারটি ম্যাচেই হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় দল।

দেশের মাটিতে ২০০৯ ও ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের দুই আসরেই ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু দুবারই শিরোপা হাতছাড়া হয় তাদের।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সবচেয়ে বেশি মুখোমুখি হওয়া প্রতিপক্ষ হচ্ছে জিম্বাবুয়ে। ১৯৯৭, ১৯৯৯, ২০০৯ ও ২০১৮ আসরের চারটি টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে খেলেছে দলটি।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে কানাডা ও বারমুডার বিপক্ষে নিজেদের দুই ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। তবে ওই টুর্নামেন্টে ফাইনাল না থাকায় শিরোপা জয়ের সুযোগ ছিল না।

শিরোপার পরিসংখ্যান খুব সমৃদ্ধ না হলেও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের রয়েছে স্মরণীয় অর্জন। ১৯৯৮ সালে ভারতের মাটিতে কোকা-কোলা ত্রিদেশীয় সিরিজে কেনিয়ার বিপক্ষে আসে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।

২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক কীর্তি দেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় সাফল্য হয়ে আছে।

আজ ১৭ অক্টোবর (শনিবার) সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আফগানিস্তান, জিম্বাবুয়েকে নিয়ে আরও একটি ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

/টিই/