শিরোনাম

বিশ্বকাপে না খেলায় শাস্তি পাবে না বিসিবি, পাচ্ছে পুরস্কারও

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে না খেলায় শাস্তি পাবে না বিসিবি, পাচ্ছে পুরস্কারও
আইসিসি ও বিসিবি লোগো (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

বিসিবিকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানিয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি নেওয়া হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি। আইসিসি বলেছে, বিসিবির পাশাপাশি পিসিবির সঙ্গেও তারা ‘খোলামেলা, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা’ করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের না থাকাকে ‘দুর্ভাগ্যজনক অনুপস্থিতি’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে এটি বাংলাদেশকে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পরিবর্তন করবে না। বিসিবিসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করে যাচ্ছি।’

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি স্বীকার করা হচ্ছে যে বিসিবির চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটিতে যাওয়ার অধিকার রয়েছে। বর্তমান আইসিসি নিয়ম অনুযায়ী এই অধিকার বহাল থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসির অবস্থান নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ওপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং সহযোগিতামূলক সমাধান।’

আইসিসি আরও জানিয়েছে, ২০৩১ সালের মেনস ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। ২০৩১ বিশ্বকাপটি বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা।

এছাড়া না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ অংশগ্রহণ ফি পাবে বাংলাদেশ এমন তথ্যও জানা গেছে।

/টিই/