শিরোনাম

আবারও বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আবারও বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন
খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদে না থাকলেও আবারও বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিসিবির বয়সভিত্তিক তিন দল- অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮-এর প্রধান পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের অধীনে ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে এরই মধ্যে নতুন পদে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

বিসিবির এইজ গ্রুপ ক্রিকেটের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। তার কমিটির অধীন তিনটি বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের মানোন্নয়নে মূল পরামর্শকের কাজ করবেন সুজন। ২০০৬ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর দেশের ক্রিকেটে নানা ভূমিকা পালন করেছেন তিনি। জাতীয় দলের সহকারী ম্যানেজার, কোচিং স্টাফের সদস্য, টেকনিক্যাল ডিরেক্টর ও ভারপ্রাপ্ত কোচের দায়িত্বেও ছিলেন। এছাড়াও দীর্ঘদিন তিনি আবাহনী ও প্রাইম ব্যাংকের মতো ক্লাবের কোচিং করিয়েছেন। এ ছাড়া নাজমুল হাসান পাপনের মেয়াদে তিনি বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্টের প্রধান ছিলেন। তার সময়েই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দুই বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন সুজন। বিসিবি সভাপতি তামিম ইকবালের মালিকানাধীন সেই ক্লাবে একঝাঁক উদীয়মান তরুণদের নিয়ে দুর্দান্ত সাফল্য দেখান তিনি। ২০২৫ সালের প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব বেশ কয়েকটি শক্তিশালী দলকে পেছনে ফেলে সুপার লিগে স্থান করে নেয়। তরুণ ক্রিকেটারদের পরিচর্যা করে দক্ষ করে তোলার এ দক্ষতা দেখেই মূলত সুজনকে বয়স ভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে বেছে নেন তামিম ইকবাল।

এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন জানান, বয়সভিত্তিক দলের পরামর্শক হিসেবে নিয়োগের সব কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, নতুন পদে দায়িত্ব পেলেও বিসিবি সভাপতি তাকে স্বাধীনভাবে অন্য জায়গায় কোচিং করার সুযোগ দিয়েছেন। ফলে বোর্ডের এ ভূমিকা পালনের পাশাপাশি তিনি ঢাকা লিগ, বিপিএল এবং রাজশাহীতে অবস্থিত তার নিজস্ব ক্রিকেট একাডেমিতে আগের মতোই নিয়মিত কাজ চালিয়ে যেতে পারবেন।

/এমএকে/